নরওয়ের উত্তর সাগরে তিনটি তেলক্ষেত্রের উন্নয়ন ও পরিচালনার সরকারি অনুমোদন অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তেল উত্তোলনের পর তা পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন নিঃসরণের পরিবেশগত প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না করায় শুক্রবার (১৩ নভেম্বর) এ রায় দেন আদালত। তবে এ রায়ের ফলে তেলক্ষেত্রগুলোতে বর্তমানে চলমান উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে না।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জলবায়ু আন্দোলনকারী সংগঠন গ্রিনপিস নরওয়ে ও ইয়ং ফ্রেন্ডস অব দ্য আর্থের করা মামলায় এ রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের ১১ বিচারপতি।
আদালতের রায়ে বলা হয়, তেলক্ষেত্রগুলোর পরিবেশগত প্রভাব মূল্যায়নে শুধু উৎপাদন পর্যায়ের নিঃসরণ বিবেচনা করা হয়েছিল। কিন্তু উত্তোলিত তেল ও গ্যাস ব্যবহারের সময় যে কার্বন নিঃসরণ হয়, তা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। আদালতের মতে, এ ধরনের নিঃসরণের প্রভাবও প্রকল্প অনুমোদনের আগে মূল্যায়ন করা বাধ্যতামূলক।
মামলাটি ২০২৩ সালে দায়ের করে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস নরওয়ে ও ইয়ং ফ্রেন্ডস অব দ্য আর্থ। তাদের অভিযোগ ছিল, প্রয়োজনীয় পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়াই উত্তর সাগরের টাইরভিং, ব্রেইডাব্লিক ও ইয়াগড্রাসিল তেলক্ষেত্রের অনুমোদন দেওয়া হয়েছিল।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে নিম্ন আদালত পরিবেশবাদীদের পক্ষে রায় দেন। পরে ২০২৫ সালের নভেম্বরে আপিল আদালতও সেই রায় বহাল রাখেন। তবে সরকারের আপিলের কারণে এ তিনটি তেলক্ষেত্রে কার্যক্রম চালু রাখার অনুমতি ছিল।
সুপ্রিম কোর্টের রায়ের পর গ্রিনপিস নরওয়ের প্রধান হালদিস টেল্ডফ্লাত হেলে বলেন, এটি জলবায়ু ও নরওয়ের গণতন্ত্রের জন্য ঐতিহাসিক বিজয়।
আদালত জানিয়েছেন, অনুমোদনগুলো প্রক্রিয়াগত ত্রুটির কারণে অবৈধ হলেও এর অর্থ এই নয় যে তেলক্ষেত্রগুলোর লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। জ্বালানি মন্ত্রণালয়কে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়গুলো পুনর্মূল্যায়ন করতে হবে।
তিনটি তেলক্ষেত্রের মধ্যে ব্রেইডাব্লিক ও টাইরভিংয়ে বর্তমানে উৎপাদন চলছে। অন্যদিকে, ইয়াগড্রাসিল তেলক্ষেত্রে ২০২৭ সালে উৎপাদন শুরুর কথা রয়েছে।
নরওয়ের জ্বালানিমন্ত্রী টেরিয়ে আসলান্ড এর আগে বলেছিলেন, আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে।
এদিকে জলবায়ু আন্দোলনকারীদের করা এ মামলার রায় আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশে তেল, গ্যাস ও কয়লা প্রকল্পের পরিবেশগত অনুমোদন নিয়ে আইনি লড়াই চলার মধ্যে নরওয়ের এ রায়কে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপে রাশিয়ার জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় নরওয়ে মহাদেশটির অন্যতম প্রধান তেল ও গ্যাস সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।