অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে ৪ শতাংশ, ছাড়িয়েছে পূর্বাভাস
- 0


প্রকাশিত: নভেম্বর ১০ ২০২৬, ১৫:৩৯

অক্টোবর মাসে দেশে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে ০.৪ শতাংশ। তবে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ০.৩ শতাংশ মূল্যস্ফীতি। অর্থাৎ ভোক্তামূল্য বৃদ্ধির হার এ পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বরে ০.৬ শতাংশ মূল্যস্ফীতির তুলনায় অক্টোবরে মাসিক মূল্যবৃদ্ধির গতি কিছুটা কমেছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, মঙ্গলবার ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস-বিএলএসের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর এটিই দেশটির মূল্য পরিস্থিতির প্রথম গুরুত্বপূর্ণ চিত্র।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে আবাসন খাতে ব্যয় বেড়েছে ০.৩ শতাংশ। সামগ্রিক মাসিক মূল্যবৃদ্ধির ৩০ শতাংশের বেশি এসেছে এ খাত থেকে। অন্যদিকে, জ্বালানির দাম বেড়েছে ০.৭ শতাংশ। সেপ্টেম্বরে এ খাতে দাম বেড়েছিল ৫.২ শতাংশ।
তবে এবারের প্রতিবেদনে আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতির হার উল্লেখ করা সম্ভব হয়নি। গত বছর সরকারি কার্যক্রম বন্ধ তথা শাটডাউন থাকায় বিএলএস অক্টোবরে মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করেনি। ফলে বার্ষিক মূল্যস্ফীতির তুলনামূলক হিসাব করা যাচ্ছে না।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩.৭ শতাংশ। আগস্টে এ হার ছিল ৩.৪ শতাংশ। বর্তমানে মূল্যস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে এক শতাংশের বেশি।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে আমেরিকায় মূল্যস্ফীতি তিন বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গ্রীষ্মে মূল্যস্ফীতির গতি কিছুটা কমলেও মধ্যপ্রাচ্যে অস্থিরতা অব্যাহত থাকায় পণ্যের দাম যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফেরেনি।
গত সেপ্টেম্বরে আমেরিকায় পেট্রলের দাম আগের মাসের তুলনায় ৯ শতাংশের বেশি বেড়েছিল। সামগ্রিক মূল্যবৃদ্ধির অর্ধেকেরও বেশি এসেছিল জ্বালানি খাত থেকে। তবে মধ্যবর্তী নির্বাচনের পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করায় পেট্রলের দামেও কিছুটা স্বস্তি ফিরেছে। সোমবার পর্যন্ত দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের জাতীয় গড় দাম ৪ ডলারের নিচে নেমে আসে। তবে অক্টোবরে পণ্যের দাম নিয়ে তৈরি প্রতিবেদনে সাম্প্রতিক এ স্বস্তির প্রতিফলন নেই।
এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হবে কি না, তা নিয়ে চাপে রয়েছে ফেডারেল রিজার্ভ। সুদের হার বাড়ালে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসতে পারে, তবে এতে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
