ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে প্যারাসুটের সংঘর্ষে দুই স্কাইডাইভার নিহত হয়েছেন। শুক্রবার ‘স্কাইডাইভ এলসিনোর’ নামক প্রতিষ্ঠানের আয়োজিত একটি ইভেন্টে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির দেওয়া বিবৃতির তথ্য অনুযায়ী, নিহত দুজনই লাইসেন্সধারী এবং অত্যন্ত অভিজ্ঞ স্কাইডাইভার ছিলেন। ঘটনার সময় নির্ধারিত শিডিউল অনুযায়ী তাদের ফ্রি-ফল বা মুক্তভাবে নিচে নেমে আসার পর্ব এবং প্যারাসুট খোলার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছিল। কিন্তু ল্যান্ডিংয়ের ঠিক আগমুহূর্তে মাটি থেকে প্রায় ১৫০ ফুট উঁচুতে হুট করে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
এই সংঘর্ষের ফলে দুই স্কাইডাইভারের প্যারাসুটগুলো একে অপরের সঙ্গে পেঁচিয়ে জট লেগে যায়। এর ফলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মাটিতে আছড়ে পড়েন এবং গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অত্যন্ত সংকটজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে নেওয়ার পরই তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
নিরাপত্তা ও যথাযথ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।