নিউ ইয়র্ক সিটির ম্যনহাটনে ভালোবাসা দিবসে একটি রেস্তোঁরা, হোটেল ও একটি সেভেন-ইলিভেন স্টোরে ভাংচুরের অভিযোগে এক সনেহভাজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন জোনাথান জোন্স। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হামলার অভিযোগ দায়ের করা হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, ১৪ই ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে মিডটাউনের নাইন্থ অ্যাভিনিউয়ে আংকেল জ্যাক’স স্টেক হাউসে হামলার সূত্রপাত।
ক্লোজ সার্কিট টেলিভেশন-সিসিটিভির ভিডিওতে দেখা যায়, ওই সময় রেস্তোরাঁটির নিরপত্তা সীমানায় থাকা একটি লোহার ধাতব পদার্থ হাতে তুলে নেন জোন্স। এটি দিয়ে স্টেকহাউসের দরজায় ভাংচুর করতে করতে ভিতরে প্রবেশ করেন সন্দেহভাজন।
ভিডিওতে আরও দেখা যায়, ভিতরে প্রবেশের জোন্স পর সরাসরি রেস্তোরাঁটির পানশালার দিকে এগিয়ে যান। সেখান থেকে একটি বোতলে চুমুক দেওয়ার পর বোতলটি ছুঁড়ে ফেলেন। ওই সময় পানশালার একটি কাঁচের তাক ভেঙে যায় এবং সন্দেহভাজন রেস্তোরাঁ থেকে বের হয়ে যান।
স্টেক হাউসটির জেনারেল ম্যানেজার মুহাম্মদ ইয়াসিন জানান, হামলায় রেস্তোরাঁর বিশেষভাবে তৈরি দরজাগুলো ভেঙে গেছে।
ভাংচুরের ফলে ১০ হাজার ডলারের বেশি ক্ষতি হয়েছে। তবে রেস্তোরাঁর কেউ আহত হয়নি।
পুলিশ জানায়, রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর টুয়েন্টি এইটথ স্ট্রিটের কাছে এইটথ অ্যাভিনিউয়ে অবস্থিত একটি হোটেলে প্রবেশ করেন সন্দেহভাজন।
সেখানে হোটেলে কর্মরত এক কর্মচারীর মুখে ঘুষি মেরে একটি অগ্নিনির্বাপক যন্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
সর্বশেষ হোটেলের কাছাকাছি একটি সেভেন ইলিভেন স্টোরে প্রবেশ করে ভাংচুর চালায়।