Skip to main content

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭ ২০২৫, ১:০৩ হালনাগাদ: মে ২১ ২০২৬, ১৪:২১

ছবিঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবিঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • 0

ভারতীয় পণ্যের আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বাড়িয়ে, মোট ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার কারণেই ভারতের ওপর এমন শাস্তিমূলক শুল্কারোপ করা হলো বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

গত সপ্তাহে, ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন- রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার কারণে ভারতকে অনির্দিষ্ট জরিমানা করা হবে।

বুধবার, এক নির্বাহী আদেশে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার ফলে অ্যামেরিকায় ভারত থেকে পণ্য আমদানির ওপর মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়ালো। বিবৃতিতে হোয়াইট হাউয জানায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর এই শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট এবং রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানিকারক অন্যান্য দেশের ওপর একই ধরনের শুল্ক আরোপের প্রক্রিয়া চালু করেছেন তিনি। বিবৃতিতে, আরো উল্লেখ করা হয়- প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত হয়েছেন, ভারত এখনো রাশিয়া থেকে তেল আমদানি করছে। তাই, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার কর্মকাণ্ডে সৃষ্ট জাতীয় জরুরি অবস্থা মোকাবেলায়, ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

অন্যদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারত তাদের অবস্থান এরইমধ্যে স্পষ্ট করেছে যে- ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে, রাশিয়া থেকে তাদের তেল আমদানি করতে হয়। অ্যামেরিকার এ ধরণের পদক্ষেপকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা।।

ভারতের অর্থনীতিবিদ মনোরঞ্জন শর্মা বলেন, অ্যামেরিকার মোট ৫০ শতাংশ শুল্কারোপ ভারতের বেশ কয়েকটি রপ্তানিমুখী খাতকে ক্ষতিগ্রস্ত করবে।

ভারতের জন্য এটা উদ্বেগের হলেও, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব রণজিৎ মেহতা জানান, ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে তারা উদ্বিগ্ন।

এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো এবং সাউথ এশিয়া বিষয়ক বিশ্লেষক, মাইকেল কুগ্যালম্যানের মতে- গত দুই দশকে ভারত-অ্যামেরিকার মধ্যে এমন খারাপ সম্পর্ক দেখা যায়নি।

কুগেলম্যান বলেন, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর উত্তেজনা আরো বেড়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে তেল আমদানি ভারত ব্যাপকভাবে বাড়িয়েছে বলে, উল্লেখ করেন তিনি।

২০১৯ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গিয়েছিল, তা কিছুটা অতিরঞ্জিত বলেও মনে করেন এই বিশ্লেষক।