Skip to main content

শর্তে রাজি নয় উভয় পক্ষ, যুদ্ধ বন্ধে ব্যর্থ ইরান অ্যামেরিকার বৈঠক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২ ২০২৬, ১৩:১৮

শনিবার ইসলামাবাদে বৈঠক চলাকালীন অ্যামেরিকা, ইরান ও পাকিস্তানের কূটনীতিকরা। ছবি: ইন্ডিয়া টুডে

শনিবার ইসলামাবাদে বৈঠক চলাকালীন অ্যামেরিকা, ইরান ও পাকিস্তানের কূটনীতিকরা। ছবি: ইন্ডিয়া টুডে

  • 0

বিশ্লেষকরা বলছেন, অ্যামেরিকা যে শর্ত দিয়েছে তা মানলে ইরান চিকিৎসা ক্ষেত্রের জন্যও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। ইরান এ ধরনের শর্তে কখনও রাজি হবে না। এদিকে ইরান সরকার জানিয়েছে, প্রথম বৈঠকেই তাদের যুদ্ধ বন্ধ কিংবা সুনির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা ছিল না।

পারমাণবিক অস্ত্র নির্মাণ বন্ধসহ উভয়পক্ষ একাধিক শর্ত মানতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধে একমত হতে পারেনি ইরান ও অ্যামেরিকা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার সমঝোতা বৈঠকে বসে ইরান ও অ্যামেরিকা। দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পর যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় দুই দেশ।

বৈঠকের পর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, দুঃসংবাদ এই যে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি এবং আমার মনে হয় এটি অ্যামেরিকার চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ সংবাদ।

ভ্যান্স জানান,ইরান পারমাণবিক অস্ত্র তৈরি, সহযোগী সরঞ্জাম ও পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রক্রিয়া বন্ধ করার শর্তে রাজি হয়নি।

বিশ্লেষকরা বলছেন, অ্যামেরিকা যে শর্ত দিয়েছে তা মানলে ইরান চিকিৎসা ক্ষেত্রের জন্যও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। ইরান এ ধরনের শর্তে কখনও রাজি হবে না।

এদিকে ইরান সরকার জানিয়েছে, প্রথম বৈঠকেই তাদের যুদ্ধ বন্ধ কিংবা সুনির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা ছিল না।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ‘স্বভাবতই একটি মাত্র বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানো আমাদের প্রত্যাশায় ছিল না। পাশাপাশি ওয়াশিংটনের কাছে প্রস্তাব রাখা বিভিন্ন দাবি পূরণ নিয়েও সন্তুষ্ট নয় তেহরান।‘

‘তেহরান, তার মিত্র দেশ ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে সঙ্গে নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে,’ যোগ করেন বাঘেই।

বৈঠকে তেহরান দাবি জানায়, বিদেশে জব্দকৃত ইরানের বিভিন্ন সম্পদ পুনরুদ্ধার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও লেবাননসহ মিত্র দেশগুলোতে যুদ্ধবিরতি নিশ্চিত করা।

তবে লেবাননে হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যামেরিকার মিত্র দেশ ইসরায়েল।

এমন বাস্তবতায়, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা ও স্থায়ী শান্তির জন্য বৈঠক চালিয়ে যেতে অ্যামেরিকা ও ইরানকে আহ্বান জানিয়েছে পাকিস্তান।