মিশিগানের গুরুত্বপূর্ণ সেনেট প্রাইমারিতে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরের বিভাজন আরও স্পষ্ট হয়েছে। নিউইয়র্কের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেয সাবেক ওয়েইন কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সাইয়েদকে সমর্থন দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সেনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারের অবস্থানের বিপরীতে দাঁড়ালেন।
বুধবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকাসিও-কর্টেয তার সমর্থনের কথা জানান। চলতি বছরে কোনো সেনেট নির্বাচনে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা।
আগামী ৪ অগাস্ট মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। খালি হওয়া সেনেট আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীকে ঘিরে দলটির প্রভাবশালী নেতাদের অবস্থান ভিন্ন ভিন্ন হয়ে পড়েছে।
চাক শুমার এবং মধ্যপন্থী অবস্থানের কয়েকজন ডেমোক্র্যাটিক সেনেটর সমর্থন দিচ্ছেন মিশিগানের কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্সকে। শুমারের যুক্তি, সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সকে হারানোর সবচেয়ে ভালো সুযোগ স্টিভেন্সেরই রয়েছে।
অন্যদিকে প্রগতিশীল ডেমোক্র্যাটিক রাজনীতিকদের একটি অংশ আবদুল এল-সাইয়েদের পক্ষে অবস্থান নিয়েছে। ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স এবং মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেনও তাকে সমর্থন করেছেন।
এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় প্রার্থী মিশিগান স্টেইট সেনেটর ম্যালরি ম্যাকমরোকেও সমর্থন দিয়েছেন ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেনসহ দলের কয়েকজন সেনেটর।
ফলে মিশিগানের এই প্রাইমারি শুধু একটি সেনেট আসনের প্রতিযোগিতা নয়; বরং ডেমোক্র্যাটিক পার্টির মধ্যপন্থী নেতৃত্ব এবং প্রগতিশীল অংশের মধ্যে প্রভাব বিস্তারের লড়াই হিসেবেও দেখা হচ্ছে।
সাম্প্রতিক জনমত জরিপে হেইলি স্টিভেন্সের চেয়ে এগিয়ে রয়েছেন আবদুল এল-সাইয়েদ। তবে প্রাইমারি নির্বাচনের আগে প্রচারণা, তহবিল সংগ্রহ এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা—সবকিছুই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মিশিগানের এই আসনটি ডেমোক্র্যাটদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা বা পুনরুদ্ধারের লড়াইয়ে প্রতিটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্টেইটের ফল জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
চাক শুমার চলতি নির্বাচনী চক্রে ওহাইও, আলাস্কা ও নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্টেইটে শক্তিশালী প্রার্থী বাছাইয়ে ভূমিকা রেখেছেন। তবে তার সমর্থন পাওয়া সব প্রার্থী সমানভাবে সফল হচ্ছেন না।
মেইনে রিপাবলিকান সেনেটর সুযান কলিন্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য শুমারের উৎসাহে মাঠে নামা গভর্নর জ্যানেট মিলস প্রাইমারির আগেই প্রচারণা স্থগিত করেছেন। আর মিশিগানে শুমারের সমর্থন পাওয়া হেইলি স্টিভেন্স সাম্প্রতিক জরিপে এল-সাইয়েদের চেয়ে পিছিয়ে পড়েছেন।
প্রাইমারির ফল নির্ধারণ করবে ডেমোক্র্যাটরা নভেম্বরের সাধারণ নির্বাচনে মাইক রজার্সের বিরুদ্ধে কাকে প্রার্থী করবে। একই সঙ্গে এটি দলটির ভেতরে প্রগতিশীল ও মধ্যপন্থী রাজনীতির শক্তির ভারসাম্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দেবে।