


প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ১২:২৪ হালনাগাদ: সেপ্টেম্বর ১২ ২০২৬, ৯:০২

টিকটকের নারী তারকা বাস্তব জীবনে ১৮ বছর বয়সী এক পুরুষ। ছবি: গালফ নিউজ
ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে তিনি অত্যন্ত জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার। নাম তার ইয়াসমিন। তবে অশ্লীলতার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর সবার চক্ষু চড়ক। টিকটকের নারী তারকা বাস্তব জীবনে ১৮ বছর বয়সী এক পুরুষ। যিনি নারীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করছিলেন।
মিশরে সামাজিক মাধ্যমে অনৈতিক বা অশ্লীল বিষয়বস্তু প্রচারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গ্রেপ্তার হন ইয়াসমিন। যার আসল নাম আব্দুল রহমান।
মিশরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, মিশরের নীল ডেল্টা গভর্নরেটের শারকিয়া অঞ্চল থেকে কথিত ‘ইয়াসমিন’ কে নামে গ্রেপ্তার করা হয়।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, টিকটক অ্যাকাউন্টটিতে একজন তরুণীকে পোশাক খোলা অবস্থায় ইঙ্গিতপূর্ণভাবে নাচতে দেখা যায়। তার বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ নাচের ভিডিও নিয়ে একাধিক অভিযোগ করা হলে জনসাধারণের নৈতিকতা এবং সমাজের মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে মামলাটি চাঞ্চল্যকর মোড় নেয় যখন কর্মকর্তারা অ্যাকাউন্টের পেছনে থাকা ব্যক্তিকে গ্রেপ্তারের পর আবিষ্কার করেন যে ‘ইয়াসমিন’ আসলে আব্দুল রহমান। পর্যটন ও হোটেল বিষয় নিয়ে কারিগরি ইনস্টিটিউটে পড়াশোনা করছিল আব্দুল।
প্রাথমিকভাবে প্রসিকিউটররা ছাত্রটিকে চার দিনের জন্য তদন্তের স্বার্থে আটক রাখার নির্দেশ দেন এবং তাকে ফরেনসিক মেডিকেল পরীক্ষার জন্য পাঠান।
গত মঙ্গলবার, ছাত্রটি স্বীকার করেছে যে তিনি টিকটকে অনুসারী ও ভিউ বাড়াতে এবং বিজ্ঞাপন থেকে অর্থ আয় করার জন্য অ্যাকাউন্টটি তৈরি করেন।পরবর্তীতে তাকে ৫,০০০ মিশরীয় পাউন্ড (প্রায় ১০৫ ডলার) জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
মিশরের এজবেত আল ইনশা গ্রামে ইয়াসমিন ওরফে আব্দুল রহমান তার তালাকপ্রাপ্ত মায়ের সঙ্গে থাকেন। সেখানে স্থানীয়রা এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
তার গ্রামের একজন প্রতিবেশী আবদেল হালিম আবু ইসা বলেন, এটি আমাদের জন্য পুরোপুরি ধাক্কা। আমরা সবসময় তাকে একজন সাধারণ যুবক হিসেবেই দেখতাম, কেউ কখনও এমন কিছু সন্দেহই করত না।
মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ এবং জনসাধারণের নৈতিকতার পরিপন্থি বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়। প্রমাণ হিসেবে তার ফোন এবং অনলাইন অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে, মিশরে অনেক নারী টিকটক ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। অনুপযুক্ত নাচের ভিডিও বা জীবনযাত্রার বিষয়বস্তু পোস্ট করার জন্য তাদের জেলে পাঠানো হয়েছে।
