অ্যামেরিকা-ইসরায়েল ও ইরানের ভিতর চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে তুর্কিয়ে, মিশর, সৌদি আরব ও পাকিস্তান।
সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, তুরস্কের উপকূলবর্তী শহর আনাতালিয়ায় একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
৩ দিনব্যাপী এ সম্মেলনে শুক্রবার বক্তব্য রাখবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
তবে চার দেশের বৈঠকের সময়সূচী নিয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধ বন্ধে ইরানে যুদ্ধবিরতির সময় কাজে লাগিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান এরদোয়ান।
ওই সময় এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা অস্থিতিশীলতা দূর করতে, যুদ্ধবিরতির সময় বাড়াতে ও আলোচনা চালু রাখতে প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘হাত মুঠো করে শক্তি দেখিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। শব্দের বদলে অস্ত্রের ব্যবহার করতে দেওয়া যাবে না। যুদ্ধবিরতির ফলে যে সুযোগের জানালা খুলেছে, তা পুরোপুরি ব্যবহার করতে হবে।’
তুর্কিয়ে একদিকে অ্যামেরিকার নেতৃত্বধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন-ন্যাটো জোটের সদস্য। অন্যদিকে সীমান্তবর্তী দেশ ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।