সার্বিয়ায় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্তারা পাজোভা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দুর্ঘটনার তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত বিমানটি বাতাজনিকা বিমানঘাঁটির ২০৪তম অ্যাভিয়েশন ব্রিগেডের অধীনে পরিচালিত হতো। দুর্ঘটনায় বিমানটির পাইলট মেজর গোরান বুলাজিচ (৫৩) প্রাণ হারিয়েছেন। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
২০০৬ সালে সার্বিয়ার স্বাধীনতার পর থেকে দেশটির সামরিক বাহিনীতে এখন পর্যন্ত ১৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে। ১২টি উড়োজাহাজ ও দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এসব ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছেন।
বর্তমানে সার্বিয়ার বিমানবাহিনীর বহরে ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ১৯৮৭ থেকে ১৯৯১ সালের মধ্যে নির্মিত। পুরোনো এই বহরটি প্রতিস্থাপনের লক্ষ্যে ২০২৪ সালে ফ্রান্সের কাছ থেকে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার ব্যয়ে ১২টি ‘দাসো রাফাল এফ-৪’ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে সার্বিয়া। ২০২৮ সাল নাগাদ নতুন এই যুদ্ধবিমানগুলো সার্বিয়ার বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।