নিউ ইয়র্ক সিটিতে আইস ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস বিরোধী এক অবস্থান কর্মসূচি থেকে ১৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার বিক্ষোভকারীরা আইসের কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালেনটিয়ার টেকনোলজিস-এর ভবনে ঢুকে অবস্থান নেয়। পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা অস্বীকৃতি জানায়। তখন এনওয়াইপিডির কর্মকর্তারা বিক্ষোভরত ১৫জনকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজিরার নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে জুইশ ফর রেশিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস কর্তৃক সন্ধ্যায় ইউনিয়ন স্কোয়ারে ‘সেডার ইন দ্য স্ট্রিটস’ নামে একটি আইস বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ষষ্ঠ রাতে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় গান গেয়ে এবং বক্তব্যের মাধ্যমে আইসের অভিবাসন নীতির প্রতিবাদ জানান।
গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীরাও প্রথমে ওই সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি।
তিনি বলেন, পাসওভারের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ভয়ের বিরুদ্ধে আশা এবং বিচ্ছিন্নতার বিরুদ্ধে সংহতির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।