বল্টিক সাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা শনাক্ত করেছে ফিনল্যান্ডের সামরিক বাহিনী। শনিবার (২১ নভেম্বর) সকালে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ড্রোন হামলার পেছনে কারা রয়েছে, তা জানায়নি ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দেশটির প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো আক্ষেপ করে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘যুদ্ধ আমাদের নিকটবর্তী অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।’ আগ্রাসীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা লড়াই করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পঞ্চম বছরে লড়াই করা দেশ ইউক্রেন এরইমধ্যে সম্মুখসারির যুদ্ধক্ষেত্রের অনেক দূরে রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়িয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার সকালে আন্তর্জাতিক জলসীমায় ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে সুসারির পশ্চিমে রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলা শনাক্ত করে দেশটির সামরিক বাহিনী।
ঘটনাস্থলে পাঠানো ফিনল্যান্ডের বর্ডার গার্ডের সদস্যরা জানান, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ভেসে ফিনল্যান্ডের জলসীমার দিকে যেতে শুরু করে।
বর্ডার গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো জাহাজের জন্য ঝুঁকি নেই। তবে জাহাজটির ক্রুদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নেইটোকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলের আকাশসীমা ও সমুদ্র এলাকায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে বল্টিক সাগর সম্ভাব্য সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে মস্কো ‘হাইব্রিড যুদ্ধ’ পরিচালনা করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো।
উল্লেখ্য, ফিনল্যান্ড, এস্তোনিয়া ও রাশিয়ার উপকূলঘেঁষা বল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত ফিনল্যান্ড উপসাগর রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ। এই পথ দিয়েই দেশটির সাবেক রাজধানী সেন্ট পিটার্সবার্গে যাতায়াত করা হয়।