বৃটেইনে অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনায় জড়িত থাকার দায়ে নরওয়ের ১৯ বছর বয়সী তরুণ জোহানেস ন্যাটল্যান্ডকে ২০ বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত। সুইডিশ অপরাধী চক্র ফক্সট্রট নেটওয়ার্কের হয়ে হত্যার পরিকল্পনা করার অভিযোগে শুক্রবার (১৬ অক্টোবর) লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়।
লন্ডন পুলিশ জানায়, ২০২৫ সালের মার্চে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের হাডার্সফিল্ডের একটি হোটেল কক্ষ থেকে ন্যাটল্যান্ডকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি রিভলভার ও গুলি পাওয়া যায়।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, সুইডিশ সংগঠিত অপরাধী চক্র ফক্সট্রট নেটওয়ার্ক তাকে একটি হত্যা পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়োগ করেছিল। ন্যাটল্যান্ড আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ স্বীকার করলেও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। অভিযুক্তের দাবি ছিল, পরিকল্পনাটি বাস্তবায়নের ইচ্ছা তার ছিল না।
তবে পুনর্বিচারের পর গত জুলাইয়ে তিনি হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন। পরে আদালত তাকে ২০ বছরের আটকাদেশ দেন।
ফক্সট্রট নেটওয়ার্ক একটি সুইডিশ সংগঠিত অপরাধী চক্র, যার সঙ্গে ইরান সরকারের যোগাযোগ রয়েছে বলে ব্রিটিশ কর্তৃপক্ষ ও প্রসিকিউটররা দাবি করেছেন। চক্রটি ও এর নেতার বিরুদ্ধে আমেরিকা ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপে ইহুদি ও ইযরায়েলি লক্ষ্যবস্তুতে সহিংসতার ঘটনায় চক্রটির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
তবে ব্রিটিশ কাউন্টার টেরোরিজম পুলিশ জানিয়েছে, ন্যাটল্যান্ডের এই নির্দিষ্ট ঘটনায় ইরানের সঙ্গে সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অর্থের বিনিময়ে গুরুতর অপরাধ সংঘটনের জন্য অনলাইনে তরুণদের নিয়োগ দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অনলাইনে নিয়োগের পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া তরুণদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা বিদেশি রাষ্ট্রের স্বার্থে ব্যবহৃত হচ্ছেন কি না, তা নিয়েও তদন্ত চলছে।