ক্যালিফোর্নিয়ায় ডিপার্টমেন্ট অব জাস্টিস-ডিওজে কর্তৃক অনাগরিক হিসেবে তালিকাভুক্ত নিবন্ধিত ভোটারদের একটি বড় অংশ আমেরিকায় জন্মগ্রহণ করেছেন এমন তথ্য উঠে এসেছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, লস অ্যাঞ্জেলস কাউন্টির ফেডারেল কর্মকর্তাদের পরিচালিত একটি সীমিত পরিসরের বিশ্লেষণে এ তথ্য প্রকাশ পায়।
কাউন্টির নিবন্ধন কার্যালয়ের দুজন কর্মকর্তা মঙ্গলবার আদালতে জমা দেওয়া নথিতে তাদের বিশ্লেষণের প্রাথমিক ফলাফল তুলে ধরেন। বিশ্লেষণটি প্রাথমিকভাবে তালিকাভুক্ত ২০০০ হাজার কথিত অনাগরিক ভোটারদের মধ্যে থাকা ২০০ জন ব্যক্তির ওপর করা হয়।
বিশ্লেষণের ফলাফলে উঠে আসে, ২০০ জনের মধ্যে ৪০ শতাংশই আমেরিকায় জন্মগ্রহণ করেছে, যা দেশটির নাগরিকত্বের একটি বড় প্রমাণ। তবে তাদের মধ্যে ৭১ দশমিক ২ শতাংশ ব্যক্তিই কখনও ভোটে অংশ নেয়নি বলে জানান কর্মকর্তারা।
বিশ্লেষণটি আদালতে উপস্থাপন করার আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি এটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটার বলেন, প্রশাসনের করা তালিকায় ভুল থাকতে পারে। শেষ পর্যন্ত দেখা যেতে পারে, তালিকায় থাকা কিছু ব্যক্তি আসলে আমেরিকার নাগরিক।
ম্যাককটার আরও বলেন,’আমরা কেউ নিখুঁত নই। তাই আমরা ক্যালিফোর্নিয়ার প্রশাসনকে আমাদের সঙ্গে সমন্বয় করতে বলেছি।‘
অন্যদিকে, লস অ্যাঞ্জেলস কাউন্টির ক্লার্ক অফিসের অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রারার মনিকা ফ্লোরেস মঙ্গলবার আদালতে দেওয়া এক ঘোষণপত্রে বলেন, বিচার বিভাগের প্রস্তাবিত প্রক্রিয়ায় তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যালট আলাদা করে রাখা হলে আদতে অনেক বৈধ ভোটারদের ভোট প্রদানের অধিকার ক্ষুণ্ণ হতে পারে। যার ফলে, নির্বাচনী ফলাফল চূড়ান্তকরণ, ফলাফলের ওপর মানুষের আস্থা নিশ্চিত করা এবং নির্বাচিতদের দায়িত্ব গ্রহণের মতো বিষয়গুলো ঝুঁকির মুখে পড়তে পারে।
২০২৪ সালে ক্যালিফোর্নিয়ায় ১৬ মিলিয়নের বেশি মানুষ ভোট প্রদানে অংশ নিয়েছিলেন। বর্তমানে এ স্টেইটে ২৩ মিলিয়নের বেশি মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত আছেন।