সামাজিক মাধ্যম পরিচালনাকারী অ্যামেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালির সরকার। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়ায় এ জরিমানা করা হয়েছে।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ পেয়েছিল মেটা। তবে প্রায় ২০ মিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারীকে এ বিষয়ে যথাযথভাবে জানানো হয়নি।
ফিচারটি ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে ফেসবুকে পোস্ট করার জন্য বিভিন্ন পরামর্শ দেয়। এজন্য ফেসবুক অ্যাপের একক অনুমতির মাধ্যমে গ্যালারিতে প্রবেশের সুযোগ চেয়েছিল। কিন্তু ওই অনুমতি দিলে ছবি ও ভিডিও থেকে পোস্টের পরামর্শ তৈরির কাজেও সেগুলো ব্যবহার করা হবে, তা স্পষ্ট করা হয়নি।
এ ঘটনায় মেটাকে ৬০ দিনের মধ্যে ফিচারটি বন্ধ করার এবং ছবি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে সম্মতি নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে জরিমানার সিদ্ধান্তের সঙ্গে একমত নয় মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।