রোহিঙ্গা গণহত্যা মামলা
রায় কার্যকরে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত
ছবি : বাসস
- 0

ছবি : বাসস

প্রকাশিত: নভেম্বর ১৮ ২০২৬, ১৬:০৪ হালনাগাদ: নভেম্বর ১৮ ২০২৬, ১৬:০৬
মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ে নৃশংসতার স্বীকৃতি মিলবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের পথ তৈরি হবে। এমন আশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ইউএন হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘের বিশেষ দূত।
১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সরকারি সফর শেষে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের স্বীকৃতি দিয়ে আদালত রায় ঘোষণা করলে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
কেলি ই. কারি বলেন, ‘আমরা আশা করি, এই রায়ে অপরাধগুলোর স্বীকৃতি দেওয়া হবে, সেগুলোকে যথাযথ নামে অভিহিত করা হবে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।’
তিনি আরও বলেন, এমন রায় হলে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে সহায়তা করা সব দেশের দায়িত্ব হয়ে দাঁড়াবে।
গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলায় আগামীকাল ১৯ নভেম্বর বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে আইসিজে। রায় ঘোষণার এক দিন আগে কেলি ই. কারি এসব মন্তব্য করলেন।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার অভিযোগে গাম্বিয়া এ মামলা দায়ের করে।
কেলি ই. কারি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার রাষ্ট্র এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এই রায় একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে।
তিনি বলেন, ‘১৯ নভেম্বর রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার রাষ্ট্র, সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে।’
জাতিসংঘের এই বিশেষজ্ঞ উল্লেখ করেন, ১৯৪৮ সালে গণহত্যা সনদ গৃহীত হওয়ার পরও বহু অপরাধী জবাবদিহির বাইরে থেকে গেছে। অনেক ভুক্তভোগী এখনো ন্যায়বিচার পাননি।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন, অধিকার ও সম্পদ থেকে বঞ্চিত করা, পরিচয় অস্বীকার, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো নৃশংসতা ২০১৭ সালে শুরু হয়নি, আবার শেষও হয়নি।
কেলি ই. কারির ভাষায়, ‘এই সিদ্ধান্ত দায়মুক্তির অবসান এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা ও বেঁচে থাকা ব্যক্তি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের পথে সম্ভাব্য একটি পদক্ষেপ।’
২০১৬ ও ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। ২০১৭ সালের আগস্টে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
কেলি ই. কারি বলেন, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও নৃশংসতা এখনো অব্যাহত রয়েছে। তাঁর মতে, আইসিজের রায় অপরাধীদের জবাবদিহি নিশ্চিত ও দায়মুক্তির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রত্যাবাসন প্রসঙ্গে কেলি ই. কারি বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। বাংলাদেশে আশ্রিত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায়ও উদ্বেগ জানান তিনি।
এ ছাড়া রোহিঙ্গা শিবিরে নিরাপত্তাহীনতা, অপহরণ ও নারী-শিশুর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা জোরদার এবং অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশের নতুন সরকারের প্রত্যাবাসন কৌশল প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে কেলি ই. কারি বলেন, রোহিঙ্গাদের শিক্ষা, জীবিকা ও আত্মনির্ভরশীলতার সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাও বিবেচনায় নিতে হবে।
মিয়ানমারে টেকসই শান্তি প্রতিষ্ঠায় রোহিঙ্গাসহ প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্ব দেন তিনি।
১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর শেষে কেলি ই. কারি জানান, সফরের সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদে জমা দেবেন।
