২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব অ্যামেরিকার (ডিএসএ) স্থানীয় শাখা। শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির সম্মেলনে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। তবে এটি আনুষ্ঠানিক নির্বাচনী মনোনয়ন নয়, বরং সম্ভাব্য প্রেসিডেন্ট ক্যাম্পেইন শুরুর প্রস্তুতি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ডিএসএর সম্মেলনে প্রস্তাবটির পক্ষে ২৯১ জন এবং বিপক্ষে ১২৩ জন প্রতিনিধি ভোট দেন।
প্রস্তাব পাসের মাধ্যমে ওকাসিও-কর্টেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার পাশাপাশি সম্ভাব্য নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
নিউইয়র্ক ডিএসএর কো-চেয়ার গুসতাভো গরদিলো আলজাজিরাকে বলেন, অ্যামেরিকার মানুষ যদি ডনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারে, তাহলে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরও নির্বাচিত করতে পারবে বলে তারা বিশ্বাস করেন।
অ্যামেরিকার মিডটার্ম ইলেকশনে ডিএসএ-সমর্থিত প্রার্থীদের সাফল্যের পর সংগঠনটির এই উদ্যোগ সামনে এসেছে। সংগঠনটির সমর্থনে আটজন প্রার্থী ফেডারেল পর্যায়ে নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারি থেকে তারা কংগ্রেসের দায়িত্ব পালন করবেন।
আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ নিউইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি। ২০১৮ সালে ডেমোক্রেটিক প্রাইমারিতে ১০ মেয়াদে দায়িত্ব পালন করা প্রভাবশালী কংগ্রেস সদস্যকে পরাজিত করে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান তিনি।
সার্বজনীন স্বাস্থ্যসেবা, সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে উচ্চশিক্ষা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান রয়েছে।
নিউইয়র্ক ডিএসএর সদস্যসংখ্যা প্রায় ১৫ হাজার। সংগঠনটি গত বছর নিউইয়র্কের মেয়র যোরান মামদানির নির্বাচনী ক্যাম্পেইনে সমর্থন দিয়েছিল। ২০১৮ সাল থেকে ওকাসিও-কর্টেজের প্রতিটি কংগ্রেস নির্বাচনে সংগঠনটি তার পাশে ছিল।
সম্মেলনে সম্ভাব্য প্রেসিডেন্ট ক্যাম্পেইনের নীতিগত অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশু পরিচর্যার ব্যয় সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের বিষয়। এসব ইস্যু সম্ভাব্য নির্বাচনী কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
এ ছাড়া পাবলিক হাউজিং সম্প্রসারণ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বন্ধের দাবি, শ্রমিক সংগঠনের অধিকার এবং যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনের বিষয়গুলোও প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।
তবে ওকাসিও-কর্টেজের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে ডিএসএর সদস্যদের মধ্যে মতভেদ রয়েছে। সংগঠনটির জাতীয় পর্যায়ের সমর্থন প্রক্রিয়া এবং তার রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা চলছে।
অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া অথবা নিউইয়র্ক থেকে সেনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে ওকাসিও-কর্টেজের সামনে। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের মিডটার্ম ইলেকশনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
এখন পর্যন্ত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি ওকাসিও-কর্টেজ। ফলে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের এই আহ্বান অ্যামেরিকার রাজনীতিতে তার সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
সূত্র: আলজাজিরা।