ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ‘নাগরিক বিদ্রোহের’ আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক সরকারপ্রধান এহুদ বারাক।
দ্য টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে রবিবার এ তথ্য জানায় আল জাজিরা।
এহুদ বারাক ১৯৯৯ থেকে ২০০১ মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।
তার ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খাঁচায় বন্দি প্রাণীর মতো আবেগপ্রবণভাবে কাজকর্ম করছেন।
তেল আবিবে সরকারবিরোধী এক বিক্ষোভে দেওয়া বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘এর (নেতানিয়াহু সরকার) প্রতিটি কর্মকাণ্ডের ওপর অন্যায্যতার কালো পতাকা উড়ছে এবং আমাদের নাগরিক দায়িত্ব হলো আমাদের অতল গহ্বরে নিয়ে যাওয়ার আগে এর পতনের জন্য সম্ভাব্য সব উপায় বেছে নেওয়া।’
গাজার পুনর্গঠন নিয়ে মিসরের রূপরেখার মতো একটি পরিকল্পনায় সমর্থনের কথা জানান এহুদ বারাক।
তার প্রত্যাশা, ফিলিস্তিনের আমলাতন্ত্রের পাশাপাশি একটি টেকনোক্র্যাট সরকার থাকবে। অর্থ সহায়তা দেবে সৌদি ও আমিরাত। তদারকি করবে মিসর। এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবেন না হামাসের কোনো নেতা।
এহুদ বারাক ২০০০ সালে ইসরায়েলি-ফিলিস্তিন সংকট নিরসনে দুই রাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়েছিলেন।