ঘটনাস্থল ভারতের মধ্য প্রদেশের শিবপুরি। সেখানে আট লাখ রুপির একটি প্রাইভেট কার থেকে নেমে এক আইনজীবীর নিচ তলার অফিসের বাইরে রাখা আট রুপির একটি সংবাদপত্র চুরি করেন এক ব্যক্তি। দৃশ্যটি ধরা পড়ে ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ক্যামেরায়।
এনডিটিভি জানায়, মহল রোডের মহারানা প্রতাপ কলোনিতে চুরির ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে। সে সময় আইনজীবী সঞ্জীব বিলগিয়া তার ল চেম্বারের ভেতরে এক সহকর্মীর সঙ্গে একটি মামলা নিয়ে কথা বলছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডিজায়ার ব্র্যান্ডের গাড়িটিকে আইনজীবীর চেম্বারের বাইরে রাখেন ওই ব্যক্তি। সে গাড়ি থেকে বেরিয়ে এসে রেলিংয়ের ভেতরে থাকা পত্রিকাটিকে শুরুতে ধরার চেষ্টা করে ব্যর্থ হন তিনি।
পরবর্তী সময়ে চেষ্টা করে পত্রিকাটি হাতে নিতে সক্ষম হন গাড়িটি চালিয়ে আসা ব্যক্তি। এরপর ধীরে ধীরে গাড়িতে উঠে গন্তব্যে চলে যান তিনি।
ছাড় দেওয়ার পাত্র নন আইনজীবী বিলগিয়া। তার করা অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নিয়েছে পুলিশ।
বাহিনীটি ঘটনাস্থলের ফুটেজ খতিয়ে দেখে সংবাদপত্র চোরকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।