অ্যামেরিকার ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকায় নিযুক্ত অ্যামেরিকান দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক মাধ্যম-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কবার্তা দেয়া হয়।
দূতাবাস জানিয়েছে, অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদন যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের তথ্যসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে প্রদান করা বাধ্যতামূলক।
আবেদনকারী এসব তথ্য গোপন করলে বা দিতে ব্যর্থ হলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে অ্যামেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনার ভিসা আবেদনে আপনার সামাজিক মাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে অ্যামেরিকার ভিসার জন্য অযোগ্য হতে পারেন।’
দূতাবাস আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিসা আবেদন প্রক্রিয়ায় এ ধরনের তথ্য যাচাইয়ের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তাই ভিসাপ্রত্যাশীদের আবেদনপত্রে চাওয়া তথ্য নির্ভুল ও সম্পূর্ণভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।