অ্যামেরিকার ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের(টিএসএ) প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, রিয়েল আইডি বা টিএসএ ছাড়া বিমানবন্দরে ঢোকা যাত্রীদের ১৮ ডলার ফি দিতে হতে পারে।
ফেডারেল রেজিস্টারে বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, যাত্রীরা যদি প্রয়োজনীয় পরিচয়পত্র না দেখাতে পারেন, তাহলে তাদের পরিচয় নতুন বায়োমেট্রিক কিওস্ক সিস্টেমের মাধ্যমে যাচাই করা হবে।
প্রস্তাবে বলা হয়, ১৮ ডলারের এই ফি ১০ দিনের জন্য টিএসএ চেকপয়েন্টে প্রবেশের সুযোগ দেবে এবং এই ফি নতুন প্রযুক্তি ব্যবহারের খরচ মেটাতে ব্যয় করা হবে।
যদিও ফি এবং নতুন সিস্টেম কখন চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। ফেডরেল রেজিস্টারে নতুন নিয়ম প্রকাশের পরে নতুন পরিবর্তন নিয়ে জনমতের জন্য একটি সময়সীমা শুরু হবে, যেখানে সবাই মন্তব্য করতে পারবে।
৯/১১ হামলার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কংগ্রেস রিয়েল আইডি আইন পাস করে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো রিয়েল আইডি বাধ্যতামূলক করেছে।
টিএসএ’র একজন মুখপাত্র এবিসি নিউজকে বলেছেন, এই নোটিশ রিয়েল আইডির সঙ্গে মিলিয়ে নতুন পরিচয় যাচাই প্রক্রিয়ার একটি পরবর্তী ধাপ। আগামী দিনগুলোতে আরও নির্দেশিকা জানানো হবে বলেও জানান তিনি।
যাত্রীরা যদি টিএসএ চেকপয়েন্টে পরিচয়পত্র দেখাতে না পারেন, তাহলে তাদের পরিচয় যাচাই করা হবে ‘আধুনিক বিকল্প পরিচয় যাচাই প্রোগ্রাম’ ব্যবহার করে। এতে যাত্রীর বায়োমেট্রিক এবং বায়োগ্রাফিক তথ্য ব্যবহার করা হবে।
তবে টিএসএ সতর্ক করে বলেছে, এটি নিশ্চিত করে না যে প্রত্যেকের পরিচয় যাচাই হবে বা তারা বিমানবন্দরের স্টেরাইল এরিয়াতে প্রবেশ করতে পারবে। বিকল্প পরিচয়পত্র ব্যবহার করলে অতিরিক্ত নিরাপত্তা যাচাই এবং বিলম্বের সম্ভাবনা থাকতে পারে।
টিএসএ’র মতে, নতুন সিস্টেম বর্তমান সিস্টেমের জায়গা নেবে এবং যাত্রীদের জন্য সময় বাঁচাবে এবং চেকপয়েন্টের প্রক্রিয়া দ্রুত করবে। এই ফি নেওয়া হচ্ছে নতুন প্রযুক্তি ও সংস্থার খরচ মেটাতে।