দোহায় ইসরায়েলি হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরহমান আল-থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে রয়টার্স জানায়, হোয়াইট হাউস থেকে সোমবার টেলিফোন কলে নেতানিয়াহু এ অভিব্যক্তি প্রকাশ করেন।
গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপ ও যুদ্ধবিরতির আশার মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যান নেতানিয়াহু।
আরেকটি সূত্র রয়টার্সকে জানায়, হোয়াইট হাউসে গেছে কাতার সরকারের কারিগরি একটি দলও।
গত ৯ সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষ করার আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
হামলায় কাতারের রাজধানী দোহায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ এ হামলার বিষয়টি নিশ্চিত করে।
গাজায় প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারকে লক্ষ্য করে এটিই ছিল প্রথম সরাসরি হামলা।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, এটি ও গোয়েন্দা সংস্থা শিন বেত হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, হামাস নেতাদের মধ্যে যাদের ওপর হামলা চালানো হয়েছে, তারা অনেক বছর ধরে ‘সন্ত্রাসী সংগঠনটির’ কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছেন। তারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ও ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধানোর জন্য সরাসরি দায়ী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানায়, হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ইসরায়েলের স্বতন্ত্র অভিযান। এটি শুরু ও পরিচালনা করে ইসরায়েল। এর পূর্ণ দায় নিচ্ছে দেশটি।