জেন-জি হিসেবে পরিচিত জেনারেশন জেডের বিক্ষোভে অগ্নিগর্ভে রূপ নিয়েছে হিমালয়কন্যা হিসেবে পরিচিত নেপাল।
এনডিটিভি জানায়, দেশটির রাজধানী কাঠমান্ডুতে সহিংস সংঘর্ষে ১২ বছরের এক বালকসহ কমপক্ষে ১৯ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, দেশে দুর্নীতি ও সামাজিক যোগাযোগের কয়েকটি অ্যাপের ওপর সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে সড়কে নামেন জেন-জির বিক্ষোভকারীরা।
সংক্ষুব্ধ প্রতিবাদকারীরা কারফিউ উপেক্ষা করে পার্লামেন্টের কাছে সংরক্ষিত এলাকায় প্রবেশের পর কাঠমান্ডুতে সেনা মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
একাধিক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভার জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
সূত্রগুলো আরও জানায়, বিক্ষোভ জারি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে সরকার।
মুখোমুখি পুলিশ-বিক্ষোভকারী
এনডিটিভি জানায়, বিক্ষোভকারীরা গাছের ডাল, পানির বোতল ছোড়ার পাশাপাশি সরকারবিরোধী স্লোগান দিলে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
কাঠমান্ডু পোস্ট জানায়, কিছু বিক্ষোভকারী পার্লামেন্ট চত্বরে প্রবেশে সক্ষম হন। এটি পরিস্থিতিকে গুরুতর করে তোলে।
পরিধি বেড়েছে কারফিউর
অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাঠমান্ডু জেলা প্রশাসন কারফিউর পরিধি বাড়িয়েছে। শুরুতে রাজধানীর বানেশ্বর এলাকা ছিল বিধিনিষেধের আওতায়। নতুন করে কিছু উচ্চ নিরাপত্তা এলাকাকে (প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাস, মহারাজগঞ্জের লাইনচৌরে ভাইস প্রেসিডেন্টের বাসভবন, সিংহ দরবারের সব পাশ, বালুওয়াতার এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন এবং সংলগ্ন এলাকা) কারফিউর আওতায় আনা হয়েছে।