নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি।
এনডিটিভি জানায়, কয়েক দিনের জল্পনা ও আলোচনার পর প্রথম নারী প্রধানমন্ত্রী পেল নেপাল, যার শপথ গ্রহণ অনুষ্ঠান হয় রাষ্ট্রপতি ভবনে।
শপথ অনুষ্ঠানের পর ২০২৬ সালের ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব ও প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত।
নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
সুশীলা কারকিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় নেপালের প্রেসিডেন্টের দপ্তর।
এর আগে এ নিয়ে মতৈক্যে আসেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল, সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল ও জেনারেশন জেড তথা জেন-জি বিক্ষোভের প্রতিনিধিরা।
চলতি সপ্তাহে জেন-জিদের বিক্ষোভে পদত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
নেপালে দুর্নীতি ও বেকারত্ব নিয়ে হতাশ তরুণরা দেশজুড়ে বিক্ষোভ করেন। এ বিক্ষোভে পুলিশের গুলিতে কমপক্ষে ৫১ জন নিহত হন।