ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলিতে অভিযুক্ত আফগান নাগরিকের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যার (ফার্স্ট ডিগ্রি মার্ডার) অভিযোগ আনা হয়েছে।
ওয়াশিংটন ডিসির জন্য ইউএস অ্যাটর্নি জেনিন পিরো শুক্রবার জানান, ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে।
তিনি জানান, হোয়াইট হাউসের কাছে বুধবার ওত পেতে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর হামলা করেন লাকানওয়াল।
রয়টার্স জানায়, অ্যামেরিকার সামরিক বাহিনীতে কর্মরতদের সঙ্গে বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে উপলক্ষে কলে আক্রমণটিকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দেন ট্রাম্প। তার প্রশাসনের কর্মকর্তারা বন্দুক হামলার ঘটনায় সন্ত্রাসবিষয়ক তদন্ত শুরু করেছেন।
অ্যাটর্নি পিরো ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ প্রোগ্রামে জানান, ওই অপরাধে যা ঘটেছে, তা সন্দেহাতীত। এটি পরিকল্পিত হত্যা। অভিযুক্তের বিরুদ্ধে আক্রমণের প্রাথমিক অভিযোগকে ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যার অভিযোগে উন্নীত করা হচ্ছে।
গুলিবিদ্ধ দুই সেনার মধ্যে ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রমের মৃত্যু হয় বৃহস্পতিবার। তার গুলিবিদ্ধ সহকর্মী অ্যান্ড্রু ওলফের অবস্থা গুরুতর।
তাদের ওপর হামলাকারী লাকানওয়াল আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষার একটি কর্মসূচির মাধ্যমে ২০২১ সালে অ্যামেরিকায় আসেন। আফগানিস্তান থেকে অ্যামেরিকার সেনা প্রত্যাহারের পর দেশ ছাড়েন তিনি।
হামলা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পিরো ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল অ্যামেরিকার বাহিনীর সঙ্গে লাকানওয়ালের সংযোগ তুলে ধরেন।
প্যাটেল জানান, অ্যামেরিকায় আসার আগে আফগানিস্তানে অ্যামেরিকার সহযোগী বাহিনীর সঙ্গে সন্দেহভাজনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সাবেক এক সামরিক কমান্ডার বিবিসির আফগান সার্ভিসকে জানান, তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুল বিমানবন্দর ছেড়ে যেতে যখন হাজারো আফগান মরিয়া, সে সময়ে প্রহরায় অ্যামেরিকার বাহিনীকে সহায়তা করেন লাকানওয়াল।
এর ৯ বছর আগে কান্দাহার স্ট্রাইক ফোর্সের ইউনিট-৩-এ নিয়োগ করা হয়েছিল পাঁচ সন্তানের জনক এ আফগান নাগরিককে।
তিনি যে ইউনিটে কাজ করতেন, সেটি স্থানীয়ভাবে স্করপিয়ন ফোর্সেস হিসেবে পরিচিত।
এটি শুরুতে সিআইএর অধীনে কাজ করলেও পরবর্তী সময়ে আফগান গোয়েন্দা বিভাগের অধীনে চলে যায়।