যুদ্ধ বন্ধে আ্যমেরিকার ১৪ দফা শান্তি প্রস্তাবে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।। একইসঙ্গে দেশটির জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন তিনি।
জবাবের প্রতিক্রিয়ায় রোববার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, 'ইরান ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের সঙ্গে খেলা করে আসছে। তারা আর হাসতে পারবে না।'
দুই ঘণ্টা পর ট্রাম্প আবারও ওই প্ল্যাটফর্মে লেখেন, 'আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়লাম। এটা আমার পছন্দ হয়নি—সম্পূর্ণ অগ্রহণযোগ্য।'
এর আগে চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধ বন্ধে ইরানকে একটি ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছিল অ্যামেরিকা।
প্রস্তাবে অ্যামেরিকার শর্তের মধ্যে ছিল যুদ্ধ বন্ধে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে সম্মত হতে হবে এবং ১২ বছরের জন্য ইউরেনিয়াম সম্মৃদ্ধকরণ সম্পর্কিত সব ধরনের কার্যাবলি স্থগিত করতে হবে।
বিনিময়ে, ইরানের জব্দকৃত বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করবে অ্যামেরিকা। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ ও যুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।
তবে ইরান তার জবাবে জানিয়েছে, আলোচনার প্রথম ধাপে শুধু ইরান ও লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি, উপসাগরীয় অঞ্চলে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারপর দ্বিতীয় ধাপে পারমাণবিক কর্মসূচী ও মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর প্রতি সমর্থনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
একইসঙ্গে ইরান প্রস্তাব করেছে কিছু উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করা হবে এবং বাকিটা তৃতীয় কোনো দেশে পাঠানো হবে। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করতে রাজি হলেও, আ্যমেরিকার দেওয়া দীর্ঘ ২০ বছর সময় প্রত্যাখ্যান করেছে।
তবে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলার প্রস্তাব পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে।
এদিকে ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরানি গণমাধ্যমকে বলেছেন, 'আ্যমেরিকা এখনও অযৌক্তিক দাবি জানিয়ে যাচ্ছে।'
তিনি বলেন, 'রোববার পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের জবাব অতিরঞ্জিত ছিল না।
'আ্যমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালির আশপাশে আ্যমেরিকান নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি ছিল বৈধ।'