ফিলিস্তিনিদেরজন্য মৃত্যুদণ্ডের বিতর্কিত এক আইন অনুমোদন করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট।
সোমবার উগ্র-ডানপন্থী জোটের সম্মতিতে পাস হওয়া আইনটিতে ইসরায়েলের সামরিক আদালতে 'প্রাণঘাতী হামলার' দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য, ৯০ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের কঠোর বিধান রাখা হয়েছে। এর মধ্যে নেই কোনো আপিল করার সুযোগ।
তবে ইহুদি কর্তৃক ফিলিস্তিনিরা প্রাণঘাতী হামলার শিকার হলে এ আইন প্রযোজ্য নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বৈষম্যমূলক এ আইনটিতে জোরালো সমর্থন দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
একতরফা এ আইনের প্রতিবাদ জানিয়েছেন গাজার পশ্চিম তীরের বাসিন্দারা।
ফিলিস্তিনেরপ্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। একইসাথে একে ‘প্রাতিষ্ঠানিক বর্ণবাদ’ আখ্যা দিয়ে ইযরায়েলের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।
আইনটি পাস হওয়ার আগেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য।
এ আইনের ফলে ইসরায়েলে জিম্মি ফিলিস্তিনি ও বন্দী হামাসদের প্রাণ নেওয়ার পথ সহজ হলো বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা।
ইসরায়েলের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় মৃত্যুদণ্ডাদেশের ঘটনা।