দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ির বিরুদ্ধে যৌতুক মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন পুত্রবধূ। পরিস্থিতির চাপে একসঙ্গে আত্মহত্যা করেন পরিবারের ৫ সদস্য।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে রোববার রাতে ওই ৫ মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মহত্যা চেষ্টায় ব্যর্থ হওয়া পরিবারের একজন সদস্য সুকান্ত সরকার জানান, তিনি ও তার পরিবার দিল্লির পার্শ্ববর্তী এলাকা নদীয়ার বাসিন্দা।
পেশায় চিকিৎসক সুকান্তের(৬৩) দাবি, ছেলে সন্তান সামিরের স্ত্রী অনেকদিন ধরে নানারকম অভিযোগ ও যৌতুক মামলার হুমকি দিয়ে আসছিলেন। স্থানীয় একটি এনজিওর সহায়তায় স্বামীর বাড়ির সদস্যদের হয়রানিও করেন।
মানসিক চাপ ও সম্মানহানির ভয়ে সুকান্তর স্ত্রী অঞ্জনা, ছেলে সামির, দুজন নাতনি ও অপর এক পুত্রবধু মৌমিতা আত্মহত্যা করেন।
সুকান্তের ভাষ্য, তিনি নিজ শরীরে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন।
পুলিশ জানায়, এটি পরিকল্পিত আত্মহত্যা। প্রাথমিক তদন্ত অনুযায়ী, পরিবারের সদস্যরা নদীয়া নিজ বাড়িতেই আত্মহত্যার পরিকল্পনা করেন। রাঁচি ভ্রমণে এসে নিশ্চিতভাবে এ মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
সুকান্তের পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগের সত্যতা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে জানিয়েছে পুলিশ।