ক্রেডিট কার্ড, শিক্ষা ঋণ, বন্ধকী ঋণসহ বিভিন্ন খাত মিলিয়ে ‘গৃহস্থালি ঋণ’-এর নতুন রেকর্ড গড়েছে অ্যামেরিকা।
চলতি বছরের প্রথম ৩ মাসে অ্যামেরিকান পরিবারগুলোর মোট গৃহস্থালি ঋণ এর পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এবিসি নিউজ জানায়, মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের করা এক নতুন জরিপে উঠে এসেছে এ তথ্য।
সংস্থাটির জরিপে বলা হয়েছে, মূলত বন্ধকী ঋণ ও গাড়ির ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় মোট ঋণের পরিমাণ বেশি বৃদ্ধি পেয়েছে।
পরিবারগুলোর মোট বন্ধকী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ দশমিক ২ ট্রিলিয়ন ডলার এবং গাড়ির ঋণ হয়েছে ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলার।
অন্যদিকে শিক্ষা ঋণ আগের তুলনায় কিছুটা কমে হয়েছে ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার। তবে এ ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন অনেক গ্রাহক।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ শতাংশের বেশি শিক্ষা ঋণ বকেয়া আছে, যা প্রায় করোনা মহামারী চলাকালীন বকেয়া ঋণের সমান।
একইসঙ্গে বছরের প্রথম ৩ মাসে ক্রেডিট কার্ড ঋণ দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার।
তবে জরিপের বিশ্লেষকরা বলছেন, সর্বোপরিভাবে ঋণ পরিস্থিতি এখনও স্থিতিশীল পর্যায়ে আছে। কিন্তু নিম্ন আয়ের পরিবার ও তরুণ গ্রাহকদের মধ্যে আর্থিক চাপের লক্ষণ দেখা গেছে।
অন্যদিকে একই দিনে প্রকাশিত সরকারি তথ্য বলছে, অ্যামেরিকায় মূল্যস্ফীতিও বাড়ছে।
এপ্রিল মাসে দেশের বার্ষিক মূল্যস্ফীতি ৩ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ৩ দশমিক ৩ শতাংশ।
ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিকস-এর তথ্য অনুযায়ী, এটি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির হার।