সাবওয়েতে ট্রেনের ছাদে সার্ফিং করতে দুই কিশোরীর মৃত্যুর ঘটনায় নড়েচেড়ে বসেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ।
এমন ঘটনার পুনারাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ।
সাবওয়ের ট্রেনের ছাদের ওপর থেকে শনিবার ভোরে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে নিউ ইয়র্ক পুলিশ।
উঠতি বয়সী একদল কিশোর-কিশোরী নিয়ম ভঙ্গ করে প্রায়ই উঠে পড়ে নিউ ইয়র্কের সাবওয়ের ট্রেনের ছাদে। সাবওয়ে সার্ফিং নামে পরিচিত এ খেলায় মেতে ওঠে তারা।
আর এটি করতে গিয়ে গত বছরও প্রাণ হারিয়েছে একাধিক তরুণ-তরুণী। পরে ট্রেনের ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিউ ইয়র্কে গত শনিবার রাতে সার্ফিং করতে গিয়ে ট্রেনের ছাদে ওঠে দুই কিশোরী। ওই সময় চলন্ত ট্রেনের এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হয় তারা।
ব্রুকলিনের উইলিয়ামসবার্গের সাবওয়ের মার্সি অ্যাভিনিউ ও ব্রডওয়ের সংযোগস্থলে ট্রেনের ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
ট্রেনের ছাদে উঠে দুঃসাহসিক ট্রেন্ড ফলো করতে গিয়ে এমন ঘটনাকে দুঃখজনক বলে মনে করছেন সিটির বাসিন্দারা।
সাবওয়ের ট্রেনের ছাদে কেউ যেন উঠতে না পারে, সে জন্য এমটিএকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে নগরবাসী।
এদিকে সাবওয়েতে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ।