প্রথমবারের মতো সত্তাগতভাবে ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃটেন। প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি নির্মাণে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠান এবং গাযায় মানবিক সহায়তা প্রবেশে বাধাদানকারী একটি উগ্র অ্যাক্টিভিস্ট গোষ্ঠীর ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে বার্নহাম সরকার।
মঙ্গলবার এই ঘোষণা দেয় বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসে অনুষ্ঠিত কেনেসেট (ইসরায়েলি সংসদ) নির্বাচনের পর এই প্রথম এমন বৈরি পদক্ষেপের মুখোমুখি হলো তেল আভিভ।
নতুন এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ জব্দ (অ্যাসেট ফ্রিজ) এবং কোম্পানির পরিচালক পদের ওপর নিষেধাজ্ঞা (ডিরেক্টর ডিসকোয়ালিফিকেশন) আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার মুখে পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শমরন লিমিটেড এবং এস.এ.জি. (ভেলভেল) কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলো মূলত ওয়েস্ট ব্যাংকে বাড়ি নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে কাজ করে থাকে।
‘ই-ওয়ান’ (E1) প্রকল্পের চূড়ান্ত সময়সীমার আগে এই পদক্ষেপ
ওয়েস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ প্যালেস্টিনিয়ান জনবহুল এলাকাগুলো— যেমন রামাল্লা, পূর্ব জেরুযালেম এবং বেথলেহেমের মধ্যে ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন করে পুরো অঞ্চলকে দ্বিখণ্ডিত করার একটি বিতর্কিত প্রকল্প হলো ‘ই-ওয়ান’ টেন্ডার। এই প্রকল্পের চূড়ান্ত সময়সীমার ঠিক আগেই বৃটিশ সরকার এই নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করল।
প্যালেস্টিনিয়ান অথরিটি এবং পশ্চিমা বিভিন্ন সরকারের মতে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ওয়েস্ট ব্যাংকে একটি স্বাধীন ও সংযুক্ত প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের সম্ভাবনা চিরতরে ভেস্তে যাবে।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আর সে কারণেই ই-ওয়ান প্রকল্পের বিষয়ে আমার বার্তা অত্যন্ত স্পষ্ট: কোনো ধরনের দরপত্র জমা দেবেন না, কোনো নির্মাণকাজ চালাবেন না এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ধ্বংসযজ্ঞ থেকে কোনো মুনাফা অর্জন করবেন না।’
গাজায় ত্রাণ আটকে দেওয়া গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা
নির্মাণ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ‘তজভ-নাইন’ (Tzav 9) নামের একটি ইযরায়েলি উগ্র অ্যাক্টিভিস্ট গোষ্ঠীর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বৃটেইন। এই গোষ্ঠীটি গাযা উপত্যকায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহকারী মানবিক সহায়তা ট্রাকগুলোতে নিয়মিত হামলা চালিয়ে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাযায় ইযরায়েলের সামরিক অভিযানের পদ্ধতি এবং ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বিগত তিন বছর ধরে বৃটেইনের সাথে ইযরায়েলের সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটেছে।
ইযরায়েলি বসতি স্থাপনকারী ও নেতাদের তীব্র প্রতিক্রিয়া
বৃটেনের এই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন বিনিয়ামিন আঞ্চলিক কাউন্সিলের প্রধান এবং ইয়েশা কাউন্সিলের চেয়ারম্যান ইযরায়েল গানয। তিনি অভিযোগ করেন, বৃটেইন ইযরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। তার মতে, এই নিষেধাজ্ঞা পুরো ইযরায়েলি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইযরায়েল সরকারকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এই বসতি-নেতা বলেন, ‘যে কেউ যদি মনে করেন যে, জুডিয়া ও সমারিয়াতে (ওয়েস্ট ব্যাংকে) ইযরায়েলি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে সামগ্রিকভাবে ইযরায়েল রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, তবে তিনি ভুল করছেন।’
এছাড়া বেইত এল শহরের মেয়র শায় আলোনসহ অন্যান্য বসতি স্থাপনকারী নেতারাও এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে এটিকে ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন। গত চার বছর ধরে ওয়েস্ট ব্যাংকে শত শত অবৈধ আউটপোস্ট বা বসতি স্থাপন করে স্থানীয় প্যালেস্টাইন সম্প্রদায়ের ওপর সহিংসতার জন্ম দেওয়া এই অ্যাক্টিভিস্টদের পক্ষে সাফাই গেয়ে শায় আলোন দাবি করেন, মানবাধিকার রক্ষার মোড়কে এটি নতুন এক ধরনের ইহুদিবিদ্বেষ ছাড়া আর কিছু নয়।
তবে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ব্যাংকজুড়ে ইযরায়েলি উগ্র বসতি স্থাপনকারী ও দখলদার সেনাদের আক্রমণাত্বক অবস্থান ও ক্রমাগত সহিংসতা, পুরো প্যালেস্টিনিয়ানদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে ইযরায়েলি উগ্র রাজনৈতিক নেতাদের ইন্ধনে, প্যালেস্টাইনের জনগোষ্ঠী জাতিগত নিধনের হুমকিতে পড়েছে। ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতিতে বসবাসকারী নেতানিয়াহু সরকারের উগ্রপন্থী দুই মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরসহ একাধিক রাজনৈতিক নেতা ক্রমাগত ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকা দখল ও বসতি সম্প্রসারণের হুমকি দিয়ে আসছেন। একইসাথে সহিংস সেটলারদের প্রকাশ্যে ইন্ধন দেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।