বৃটেইনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা নিয়ে তিনি একদিন আগে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প–এর সঙ্গে আলোচনা করেছেন।
শুক্রবার উপসাগরীয় অঞ্চলে সফরকালে স্টারমার বলেন, “আমরা বিভিন্ন দেশের একটি জোট গঠনের চেষ্টা করছি… যেখানে রাজনৈতিক ও কূটনৈতিক পরিকল্পনার পাশাপাশি সামরিক সক্ষমতা এবং হরমুজ প্রণালি দিয়ে বাস্তবে কীভাবে জাহাজ চলাচল নিশ্চিত করা যায়—সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “গত রাতের আলোচনার মূল বিষয় ছিল এখানকার পরিস্থিতি নিয়ে আমার আলোচনা পর্যালোচনা করা এবং একই সঙ্গে প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনায় গুরুত্ব দেওয়া।”
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। ন্যাটো থেকে অ্যামেরিকার সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্টারমার সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, ন্যাটো অ্যামেরিকা ও ইউরোপ—উভয়ের স্বার্থেই গুরুত্বপূর্ণ।
স্টারমার বলেন, “ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট, যা কয়েক দশক ধরে আমাদের অনেক বেশি নিরাপদ রেখেছে।”