মধ্যবর্তী নির্বাচনে এক গণভোটের মধ্য দিয়ে ক্যালিফোর্নিয়ায় অতি ধনীদের ওপর সম্পদ কর তথা বিলিয়নার ট্যাক্স আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে মঙ্গলবার জানানো হয়েছে এ তথ্য।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ৩ নভেম্বর নির্বাচনের আগে প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রচার চালানো হয়। সোমবার প্রস্তাবটির বিপক্ষে পর্যাপ্ত ভোট পড়েছে বলে নিশ্চিতভাবে জানা যায়।
এর আগে ২০২৬ সালে স্টেটের একটি শ্রমিক ইউনিয়ন ‘প্রপোজিশন ৪০’ নামে পরিচিত এ প্রস্তাবটি জোরালভাবে উত্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ১ বিলিয়ন ডলারের বেশি সম্পদ আছে এমন বাসিন্দাদের সম্পদের ওপর ৫ শতাংশ হারে এককালীন কর বসানো হবে।
প্রস্তাবটি পাস হলে স্টেটে বসবাসরত ২০০ জন ধনীর কাছ থেকে মোট কর আসত প্রায় ১০০ বিলিয়ন ডলার। সংগৃহীত অর্থের বেশির ভাগ স্বাস্থ্যসেবায় ফেডারেল সরকারের অর্থায়ন কমে যাওয়ার ঘাটতি পূরণে ব্যয়ের পরিকল্পনা ছিল। বাকি ১০ শতাংশ শিক্ষা ও খাদ্যসহায়তা কর্মসূচিতে ব্যয় করার কথা ছিল।
তবে শুরু থেকেই প্রস্তাবটির বিরোধিতা করে আসছিলেন স্টেটের ধনকুবেররা। তাদের দাবি ছিল, এ ধরনের কর আরোপ করা হলে ধনকুবেররা ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্যত্র চলে যেতে পারেন। এতে স্টেটের অর্থনীতির পাশাপাশি রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
নির্বাচনে প্রস্তাবটির বিরোধিতাকারী পক্ষ সমর্থকদের তুলনায় প্রায় ১০ গুণ বেশি অর্থ সংগ্রহ করে। গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন একাই প্রস্তাবটির বিরোধিতায় কাজ করা একটি রাজনৈতিক কমিটিতে ১০ কোটি ডলারের বেশি অনুদান দেন। ওই কমিটির মোট তহবিলের পরিমাণ ছিল ৩৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি।
অন্যদিকে, প্রস্তাবটির সমর্থকেরা জানিয়েছেন, স্বাস্থ্যসেবা সুরক্ষিত না হলে ২০২৮ সালে আবারও এ ধরনের কর আরোপের প্রস্তাব ব্যালটে তোলা হতে পারে।