আমেরিকাজুড়ে হামের লাগামহীন বিস্তার, নেপথ্যে কেনেডির যে ভূমিকা
হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি। ছবি: রয়টার্স
- 0

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৬, ১৭:৫২ হালনাগাদ: নভেম্বর ১৭ ২০২৬, ১৮:১৮

আমেরিকাজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। প্রায় চার দশকের মধ্যে দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ।
বার্তা সংস্থা এপি আজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, গর্ভে থাকা অবস্থাতেই হাম আক্রান্ত হচ্ছে অনেক শিশু। এ অবস্থায় ২০০০ সালে হামমুক্ত দেশের খেতাব পাওয়া আমেরিকা এখন তার স্বীকৃতি হারিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে টিকাদানের হার কমে যাওয়া এবং হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডির টিকা বিরোধী অবস্থান এ মহামারী সংক্রমণের কারণ। টিকাদানে পিছিয়ে পড়েছে আমেরিকা
রয়টার্স আমেরিকার ১৩টি স্টেট ও নিউইয়র্ক সিটির টিকাদানের তথ্য বিশ্লেষণ করে দেখেছে, ২০২৫ সালে ছোট শিশুদের সাতটি সুপারিশকৃত টিকা নেওয়ার হার গড়ে ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমেছে। অন্তত ছয় বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় পতন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় টিকাদানের যে পতন হয়েছিল, গত বছরের পতন তার দ্বিগুণ।
বিশেষ করে রিপাবলিকান সমর্থিত উটাহ স্টেটে ২০২৫ সালে ছোট শিশুদের সাতটি সুপারিশকৃত টিকা নেওয়ার হার ২ দশমিক ৪ শতাংশ পয়েন্ট কমে ৬৯ দশমিক ৬ শতাংশে নেমেছে। একই সময়ে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী এমএমআর টিকার প্রথম ডোজ নেওয়ার হার কমে হয়েছে ৮৬ দশমিক ৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ব্যাপক জনগোষ্ঠীকে হাম থেকে সুরক্ষিত রাখতে দুই ডোজ এমএমআর টিকা নেওয়ার হার ৯৫ শতাংশ হওয়া প্রয়োজন।
উটাহতে এক বছরের বেশি সময় ধরে হাম ছড়িয়ে পড়ছে। স্টেটের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭২৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের প্রায় ৬৫ শতাংশই টিকাবিহীন শিশু।
কেনেডির বক্তব্য ও নীতির সমালোচনা
রবার্ট এফ কেনেডি দায়িত্বপ্রাপ্তির পর থেকে বিভিন্ন সময় দাবি করেছেন, হামের টিকার কারণে গুরুতর শারীরিক ক্ষতি ও মৃত্যুর ঘটনা ঘটে। তবে তার এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
এ ছাড়া গত বছর হাম ছড়িয়ে পড়ার মধ্যেই শিশুদের জন্য এমএমআর টিকার কেন্দ্রীয় সুপারিশ প্রত্যাহারের চেষ্টাও করেছিলেন তিনি।
গত আগস্টে ট্রাম্প ও কেনেডি একটি নির্বাহী আদেশ ঘোষণা করেন। এতে এমএমআর টিকাকে একসঙ্গে না দিয়ে হাম, মাম্পস ও রুবেলার জন্য আলাদা তিনটি টিকা তৈরির বিষয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়। তবে এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মতে, এ পরিবর্তন আনতে কয়েক বছর সময় লাগতে পারে।
এছাড়াও বিভিন্ন সময় সরাসরি টিকা ও ভ্যাকসিনবিরোধী প্রচারণা চালিয়েছেন কেনেডি। কেনেডির দাবি, শিশুরা ভাইরাসের সংস্পর্শে আসলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গত বছর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলথ সেক্রেটারি বলেন, আগে শিশুরা হাম আক্রান্ত হলে আজীবন এ রোগের বিরুদ্ধে সুরক্ষা পেত। তবে এখন আর সবার ক্ষেত্রে আজীবন কার্যকর থাকে না।
তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শৈশবে যথাযথভাবে টিকা নেওয়া অধিকাংশ মানুষ দীর্ঘদিন হাম থেকে সুরক্ষিত থাকেন। অন্যদিকে টিকা না নিলে নিউমোনিয়া, অন্ধত্ব, বধিরতা এমনকি দীর্ঘমেয়াদি স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে।
কেনেডির এসব বিতর্কিত বক্তব্যের একাধিকবার সমালোচনা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-সিডিসির সাবেক উপপরিচালক অ্যান শুচাট বলছেন, টিকাদানের হার কমে যাওয়া এবং হাম মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্বের অভাব জনস্বাস্থ্যের জন্য বিশেষভাবে ক্ষতিকর হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগতে পারে বলেও মনে করেন তিনি।
ফেডারেল সরকারের সহায়তা নিয়েও প্রশ্ন
পূর্বে কোনো এলাকায় হামের সংক্রমণ ঘটলে তা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিত ফেডারেল সরকার। পাশাপাশি, টিকা গ্রহণে চালানো হত বিস্তর প্রচারণা। তবে কেনেডির মেয়াদে ফেডারেল সরকারের ভূমিকা নিয়েও দেখা গেছে ভিন্ন চিত্র।
উটাহর স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, স্টেটটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় স্বাস্থ্য কর্মকর্তারা সিডিসির কাছে জরুরি সহায়তা চাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ জন্য একটি খসড়া আবেদনও তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সহায়তার আবেদন করেনি স্টেট সরকার।
উটাহর স্বাস্থ্য ও মানবসেবা কমিশনার ট্রেসি গ্রুবার জানিয়েছেন, সিডিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলেও, ওই সময় তাদের এ ধরনের বিশেষ সহায়তার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত হয়েছিল।
এদিকে ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানোর কারণে গত বছর উটাহর স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন স্থানীয় স্বাস্থ্য বিভাগে তিন ডজনের বেশি নার্স, মহামারিবিদ ও জনস্বাস্থ্যকর্মীকে ছাঁটাই করা হয়।
রয়টার্সের জরিপে অংশ নেওয়া ৪৪টি স্থানীয় স্বাস্থ্য বিভাগের মধ্যে ৩১টি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেডারেল সরকারের অর্থায়ন কমানোর কারণে তাদের মোট ৬৭ মিলিয়ন ডলারের তহবিল কমেছে। এর ফলে অনেক বিভাগকে টিকাদান কর্মসূচি কমাতে, কর্মী ছাঁটাই করতে কিংবা নতুন নিয়োগ বন্ধ রাখতে হয়েছে।
তবে হামের মহামারী সংক্রমণের পর সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে কেনেডির দপ্তর। কর্তৃপক্ষের দাবি, তারা টিকাদানের জন্য যথেষ্ট প্রচার প্রচারণা চালিয়ে গেছে। কেনেডির দায়িত্বপ্রাপ্তির আগেই টিকাদান কর্মসূচীতে ব্যাঘাত ঘটে বলে দাবি করে কর্তৃপক্ষ।

