Skip to main content

যুদ্ধ বন্ধে অ্যামেরিকার পরিবর্তিত এবং ইরানের নতুন ১৪ দফা প্রস্তাব

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৮ ২০২৬, ১৬:০৭ হালনাগাদ: জুন ১০ ২০২৬, ২২:৫৭

আলোচনার টেবিলে পাশাপাশি অ্যামেরিকান (বাঁ পাশে) ও ইরানি পতাকা।

আলোচনার টেবিলে পাশাপাশি অ্যামেরিকান (বাঁ পাশে) ও ইরানি পতাকা।

  • 0

৫ দফা প্রস্তাবে ইরানকে শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানকে ইরান জানিয়েছে, ন্যূনতম আস্থার নিশ্চয়তা না পেলে, তারা দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নিবে না।

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে অ্যামেরিকাকে পুনরায় নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ইরানের আলোচক দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, নতুন পাঠানো এ প্রস্তাবে যুদ্ধ শেষ করতে আলোচনা এবং অ্যামেরিকার তরফ থেকে আস্থা-বাড়ায় এমন পদক্ষেপ নিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানকে ইরান জানিয়েছে, ন্যূনতম আস্থার নিশ্চয়তা না পেলে, তারা দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নিবে না।

অপর একটি সূত্র জানায়, সম্প্রতি আলোচনা চলাকালীন ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথীল করার প্রস্তাব দেয় অ্যামেরিকা। তবে ইরানের নতুন প্রস্তাবে সব ধরনের নিষেধজ্ঞা পুরোপুরি বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে।

ইরানের ১৪ দফা প্রস্তাবটি এমন সময় এলো, যখন দেশটিকে পরিবর্তিত ৫ দফা প্রস্তাব পাঠিয়েছে অ্যামেরিকা।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, সোমবার পাকিস্তানের মাধ্যমে তেহরানকে যুদ্ধ বন্ধে ৫টি শর্ত জানায় ওয়াশিংটন।

পূর্বের প্রস্তাবে ইরানে সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ করার শর্ত দিয়েছিল অ্যামেরিকা। তবে ৫ দফা প্রস্তাবে ইরানকে শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে অ্যামেরিকার কাছে ৪৪০ কেজি ইরানি ইউরেনিয়াম হস্তান্তর, যুদ্ধজনিত আর্থিক ক্ষতিপূরণ না দেওয়া, ইরানের জব্দকৃত সম্পদের অন্তত ২৫ শতাংশ এখন ফেরত না দেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত আলোচনার ফলাফলের ওপর নির্ভর করার মতো শর্তগুলো অব্যাহত রয়েছে।