নিউ ইয়র্ক সিটিতে বৃহস্পতিবার শুরু হয়েছে ম্যাসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড, যার রুট আপার ওয়েস্ট সাইড থেকে হেরাল্ড স্কয়ার।
আইউইটনেস নিউজ জানায়, এ প্যারেড দেখতে জড়ো হন মিলিয়নের (১০ লাখ) বেশি নিউ ইয়র্কার ও পর্যটক।
প্যারেড দেখতে আসা মেগান কিবাহ সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি থ্যাংকসগিভিংয়ের জাদু পছন্দ করি।’
‘আমি শিশু হিসেবে (প্যারেডে) এসেছি এবং এ নিয়ে আমার অসামান্য স্মৃতি রয়েছে। এ কারণে চলতি বছর আমি তাদের সঙ্গে করে আনতে চেয়েছিলাম’, আইউইটনেস নিউজকে বলেন প্যারেডে অংশগ্রহণকারী এক ব্যক্তি।
পরিবারকে নিয়ে প্যারেডে আসার বিষয়ে জো লাত্তানজি নামের ওই অংশগ্রহণকারী বলেন, ‘আমার কাছে এটি ঐতিহ্য এবং তাদের সঙ্গে নতুন ঐতিহ্য শুরু করতে পারাটা দারুণ।’
প্যারেডের মধ্যেই আইউইটনেস নিউজের ফিল টেইট কথা ব লেন নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটির একটি ব্যান্ড দলের সঙ্গে। প্যারেডে অংশ নিতে পেরে উৎফুল্ল দলটির সদস্যরা, যাদের অনেকে প্রথমবারের মতো এসেছেন নিউ ইয়র্ক সিটিতে।
দলের এক সদস্য আইউইটনেস নিউজকে জানান, তারা দুই মাস ধরে রিহার্সেলে অংশ নেন।
দলটির অন্য এক পারফরমার বলেন, ‘আমরা জাদুময় সময় পার করছি…আমরা অনেক সৌভাগ্যবান।’
প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কসও কথা বলেছেন আইউইটনেস নিউজের সঙ্গে।
তার ভাষ্য, এখানে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। নতুন বাঁশি, বেলুন দেখা মিলছে। এটি উত্তেজনাকর শো হতে চলছে।