সিটি কম্পট্রোলার ও ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক ব্র্যাড ল্যান্ডারসহ নিউ ইয়র্কের এক ডজনের বেশি রাজনীতিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, ডাউনটাউন ম্যানহাটনের অভিবাসন আদালতে বিতর্কিত একটি আটক কেন্দ্র পরিদর্শনে গেলে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয় নির্বাচিত এ কর্মকর্তাদের।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ২৬ ফেডারেল প্লাজার ১১ তলার অভিবাসী আটক কেন্দ্রের সেলগুলোতে প্রবেশের দাবি জানানোর পর তাদের হাত বেঁধে আটক করা হয়।
অভিবাসী আটক কেন্দ্রটি জনাকীর্ণ ও নোংরা বলে খবর পাওয়া গেছে। এটির অবস্থার উন্নয়নে গত বুধবার ফেডারেল সরকারকে আদেশ দেন এক বিচারক।
এমন বাস্তবতায় আটক কেন্দ্রের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে চেয়েছিলেন নিউ ইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
ল্যান্ডার ছাড়াও গ্রেপ্তার রাজনীতিকদের মধ্যে ছিলেন স্টেইট অ্যাসেম্বলির সদস্য মার্সেলা মিট্যায়নেস, এমিলি গ্যালাঘের, জেসিকা গঞ্জালেজ-রোজাস, ক্লেয়ার ভালদেজ, টনি সিমোন ও স্টিভেন রাগা এবং স্টেইট সিনেটর জুলিয়া স্যালাজার, জাবারি ব্রিসপোর্ট ও গুস্তাভো রিভেরা।
আদালত ভবনের বাইরেও গ্রেপ্তারের খবর পাওয়া যায়।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস, কাউন্সিলওম্যান টিফ্যানি ক্যাবান ও স্যান্ডি নার্স এবং অ্যাসেম্বলিওম্যান ফারা সুফ্র্যান্ট ফরেস্টকে গ্রেপ্তার করছিলেন বলে এনওয়াই ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পরপরই কম্পট্রোলার ল্যান্ডারকে ছেড়ে দেওয়া হয়। অন্য রাজনীতিকদেরও দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।