আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের তুলনায় ডেমোক্র্যাটিক সমর্থকরা ১৮ শতাংশ বেশি আগ্রহী। একইসঙ্গে নারীদের তুলনায় ট্রাম্পের পূর্ববর্তী পুরুষ সমর্থকসহ হিসপ্যানিক ও গোষ্ঠিগত ভোটাররা এবার ঝুঁকছেন ডেমোক্র্যাটিক পার্টির দিকে।
আগামী ৩ নভেম্বর, নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার ২৬ দিন আগে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসসের জরিপে উঠে এসেছে এসব তথ্য।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ক্যাটাগরিতে ৬ দিনব্যাপী তথ্য সংগ্রহ করে সোমবার জরিপটি সম্পন্ন ও পরে ফলাফল প্রকাশ করা হয়। দেশজুড়ে জরিপটিতে অংশ নেয় বিভিন্ন বয়সী ও জনগোষ্ঠীর ৪ হাজার ৫০৬ জন প্রাপ্তবয়স্ক অ্যামেরিকান নাগরিক।
জরিপের ফলাফলে দেখা যায়, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দী ডেমোক্র্যাটিক নেত্রী কমলা হ্যারিসকে সমর্থনকারীদের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ ৪৮ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের সমর্থনকারীদের মধ্যে ভোটে অংশ নেওয়ার আগ্রহ মাত্র ৩০ শতাংশ। অর্থাৎ, রিপাবলিকান সমর্থকদের তুলনায় এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক সমর্থকরা ভোটে বেশি অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সমর্থন যুগিয়েছিল তার পুরুষ সমর্থকরা।
জরিপের তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে নারীদের তুলনায় ভোটে অংশ নিতে বেশি আগ্রহ প্রকাশ করেছেন পুরুষরা। তবে নারীদের তুলনায় পূর্বের ট্রাম্প সমর্থক পুরুষরাই দল পাল্টে এবার সমর্থন জানাচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টিকে।
একইসঙ্গে ২০২৪ সালে লাতিন অ্যামেরিকানসহ বিভিন্ন গোষ্ঠীর ট্রাম্পপন্থী ভোটাররাও এবার সমর্থন জানাবেন ডেমোক্র্যাটিক পার্টিকে।
মধ্যবর্তী নির্বাচন হলো ক্ষমতাসীন সরকারের কর্মকাণ্ডের বিপক্ষে জনগণের জবাব দেওয়ার একটি সুযোগ। ট্রাম্পের সময়ে চলা ইরান যুদ্ধ, জ্বালানি তেলের উচ্চমূল্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি রিপাবলিকানদের জনপ্রিয়তা কীভাবে কমিয়ে দিয়েছে-জরিপে তার প্রতিফলন উঠে এসেছে।
জরিপ প্রসঙ্গে রিপাবলিকান কৌশলবিদ চার্লি জেরো বলেন, নির্বাচনী ফলাফল নির্ভর করবে দুই দলের ভোটারদের উপস্থিতির ওপর। তাই রিপাবলিকান পার্টিকে ভোটকেন্দ্রে সমর্থকদের টানতে আরও বেশি কাজ করতে হবে।
তবে জরিপের এ ফলাফল নির্বাচনের আগের চিত্র উলটে দিতে পারেও বলে মনে করেন চার্লি। তিনি বলেন, ভোটকেন্দ্রে সমর্থকদের ব্যবধান কমাতে, এখন হয়তো বেশি সংখ্যক রিপাবলিকান ভোটে অংশ নিতে আগ্রহ প্রকাশ করবেন।