সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় একটি আকাশচুম্বী ভবন লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলায় ১১ জন আহত হয়েছেন। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভবনটিতে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
সৌদি আরবের সিভিল ডিফেন্স মঙ্গলবার নিশ্চিত করেছে হামলার তথ্য।
সৌদি সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের দুই নাগরিক, ভারতের দুই বাসিন্দা, নেপালের তিন বাসিন্দা এবং মিসরের চার বাসিন্দা রয়েছেন। তবে তাদের আঘাতের ধরন বা শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে জরুরি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
সৌদি সিভিল ডিফেন্স হামলাটিকে হুথি গোষ্ঠীর চালানো ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।
এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছিলেন, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের হামলায় রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।