মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের ঘোষণা নাকচ করেছে তুরস্ক। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির দেওয়া এ সংক্রান্ত ঘোষণাকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে তুর্কিয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে আঙ্কারা।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়া জানায়, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দেশটিতে থাকা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ঘোষণাটি পরে উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।
তুরস্কের প্রেসিডেন্সির ডিসইনফরমেশন প্রতিরোধ বিভাগ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণাকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে। পাশাপাশি জনগণকে মিথ্যা তথ্য বিশ্বাস না করার আহ্বান জানায়।
এর আগে আহমাদ জাহিদ হামিদি এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তুরস্কে তার সাম্প্রতিক সরকারি সফরের পর মালয়েশিয়ার মন্ত্রিসভা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ কর্মসূচির আওতায় তিন থেকে ছয় মাসের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ছিল। বিভিন্ন শিল্প খাতে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনের ওপর প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল।
তবে ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে নেওয়ার কারণ স্পষ্ট করেনি মালয়েশিয়া। এ বিষয়ে দেশটির উপপ্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। তাদের প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা।
শরণার্থীদের উপস্থিতি মালয়েশিয়ার জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করে আসছে দেশটির সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় ১০ হাজার মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা ও ব্যাপক যৌন সহিংসতার ঘটনাকে রাষ্ট্রীয় মদদে সংঘটিত গণহত্যা হিসেবে রায় দিয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরুর মধ্যেই মালয়েশিয়ার পুনর্বাসন প্রস্তাব এবং তুরস্কের তা নাকচ করার ঘটনা সামনে এলো।