অ্যামেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খাবারের দাম সমন্বয় ও বাড়ানোর অভিযোগে জনপ্রিয় ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে দেশজুড়ে গ্রাহকদের পক্ষে একটি প্রস্তাবিত ক্লাস অ্যাকশন মামলা করা হয়েছে। শুক্রবার শিকাগোর ফেডারেল আদালতে করা মামলার অভিযোগ করা হয়েছে, ম্যাকডোনাল্ডস স্বাধীন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে সমন্বয় করে অ্যালগরিদমের মাধ্যমে মেনুর দাম নির্ধারণ করেছে, যা অ্যামেরিকার এন্টিট্রাস্ট আইনের লঙ্ঘন।
মামলার অভিযোগে বলা হয়, ম্যাকডোনাল্ডসের মূল্য নির্ধারণ ব্যবস্থা ফ্র্যাঞ্চাইজিগুলোর অপ্রকাশ্য ব্যবসায়িক তথ্য ব্যবহার করে বিভিন্ন রেস্তোরাঁর জন্য দামের সুপারিশ তৈরি করে। এতে স্বাধীন ব্যবসাগুলোর নিজেদের মতো করে দাম নির্ধারণের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বাদীপক্ষের। মামলাটি সম্ভাব্যভাবে ম্যাকডোনাল্ডসের লাখ লাখ গ্রাহককে প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়েছে।
রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ম্যাকডোনাল্ডসের মূল্য নির্ধারণ ব্যবস্থা মেশিন-লার্নিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিনের লাখ লাখ লেনদেনের তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটির প্রায় ১৪ হাজার রেস্তোরাঁর তথ্য থেকে বিভিন্ন উপাত্ত নিয়ে মূল্য নির্ধারণের সুপারিশ তৈরি করা হয়।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ম্যাকডোনাল্ডস। সোমবার প্রতিষ্ঠানটি বলেছে, অভিযোগগুলো অনুমাননির্ভর ও তথ্যভিত্তিক নয়। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো বিগ ম্যাক বা অন্য কোনো মেনুর দাম সরাসরি নির্ধারণ করে না; বরং ফ্র্যাঞ্চাইজি মালিকরাই নিজেদের রেস্তোরাঁর দাম নির্ধারণ করেন। মূল্য নির্ধারণের সুপারিশ ও ব্যবসায়িক বিশ্লেষণভিত্তিক প্রযুক্তি বিভিন্ন শিল্পেই ব্যবহৃত হয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যালগরিদম ব্যবহার করে মূল্য সমন্বয়ের অভিযোগ অবশ্য নতুন নয়। অ্যামেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে হোটেল কক্ষ, অ্যাপার্টমেন্ট ভাড়া এবং অন্যান্য পণ্যের দাম নির্ধারণে অ্যালগরিদম বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে একাধিক ক্লাস অ্যাকশন বা সম্মিলিত মামলা হয়েছে। নতুন এই মামলাটি তাই শুধু ম্যাকডোনাল্ডসের মূল্যনীতি নয়, ব্যবসায়িক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের আইনি সীমা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে।