অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর ইযরায়েলি বসতি স্থাপনকারী বা সেটলারদের সহিংসতা মোকাবিলায় সামরিক বাহিনীর হাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে আইনপ্রণেতাদের জানিয়েছেন ইযরায়েলি সামরিক বাহিনী আইডিএফ চিফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল যামির।
বুধবার ইযরায়েলের সামরিক সংবাদমাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে নেসেটের গোয়েন্দাবিষয়ক উপকমিটির এক বৈঠকে বক্তব্য দেন যামির। সেখানে তিনি ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপনকারীদের সহিংসতা মোকাবিলায় সেনাবাহিনীর সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

যদিও ইহুদি সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রশাসনিক আটকাদেশ পুনরায় চালুর বিষয়ে তিনি সরাসরি কোনো আহ্বান জানাননি। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত ক্ষমতা না থাকার কথা বলে বিষয়টি পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে আর্মি রেডিও। সামরিক বাহিনীর যে ক্ষমতা নেতানিয়াহুর সরকারের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইযরায়েল কাটয কেড়ে নিয়েছেন।
ইযরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের তথ্য অনুযায়ী, ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে সহিংসতা ও হামলায় জড়িত ইহুদি ইযরায়েলির সংখ্যা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
শিন বেতের তথ্যে বলা হয়েছে, এ ধরনের ঘটনায় ৭০০ জনের বেশি ইযরায়েলি জড়িত। তাদের মধ্যে প্রায় ১০০ জনকে হামলার প্রধান উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা অবৈধ বসতিতে কার্যক্রম পরিচালনা এবং হামলার সমন্বয় করেন।
গত বছর ইযরায়েলি সেনাবাহিনী ও শিন বেতের হিসাবে, প্রায় ৩০০ ইহুদি উগ্রপন্থী সহিংস হামলায় জড়িত ছিলেন। তাদের মধ্যে ৭০ জনকে গুরুতর হামলার মূল পরিকল্পনাকারী ও সক্রিয় ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়েছিল।
এছাড়া শিন বেত পশ্চিম তীরে ১১৫টি বসতি, অবৈধ আউটপোস্ট ও খামারকে সহিংসতার কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। এসব স্থান থেকেই ফিলিস্তিনিদের ওপর বিভিন্ন হামলার সূত্রপাত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩১টি আউটপোস্ট গত এক বছরে প্রতিষ্ঠিত হয়েছে।
ইহুদি বসতি স্থাপনকারী বা সেটলারদের সহিংসতা মোকাবিলায় প্রশাসনিক আটকাদেশ একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। তবে দুই বছর আগে প্রতিরক্ষামন্ত্রী ইযরায়েল কাটয ইহুদি সন্দেহভাজনদের ক্ষেত্রে এ ধরনের আটকাদেশ বাতিল করেন। এই ব্যবস্থায় আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে আটক রাখা সম্ভব।
ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপনকারী বা সেটলারদের সহিংসতা নিয়ে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িঘর, যানবাহন ও সম্পত্তিতে হামলার পাশাপাশি বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে।
ইযরায়েলি সেনা প্রধানের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ওয়েস্ট ব্যাংকে সেটলারদের হামলা মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা ও তাদের আইন প্রয়োগের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।