মসজিদে প্রচারে গিয়ে তোপের মুখে মেয়র প্রার্থী কুওমো

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২৫, ০:০৭ হালনাগাদ: নভেম্বর ২৬ ২০২৫, ১৮:৩২

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো। ছবি: রয়টার্স

  • 0

ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত কুওমো সম্প্রতি অবস্থান পাল্টে গাজায় চালানো নির্মমতারও সমালোচনা করেন।

মসজিদে প্রচার চালাতে গিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মুসল্লিদের তোপের মুখে পড়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো।

কুইন্সের জ্যামাইকায় শুক্রবার জুমার নামাজের সময় বক্তব্য রাখছিলেন কুওমো। ওই সময় তার বিরুদ্ধে ক্ষোভ জানান মুসল্লিরা।

এ ঘটনায় বিব্রত কুওমো বলছেন, মুসলিম কমিউনিটিকে তার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুলছেন মামদানি, তবে এ অভিযোগ অস্বীকার করে মামদানি বলেছেন, কুওমোর মুসলিমবিদ্বেষী মনোভাবের ফলে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

গেল সপ্তাহে ব্রঙ্কসের ফুতা ইসলামিক সেন্টারের পর এবার জ্যামাইকার একটি মসজিদে বক্তব্য রাখতে যান কুওমো।

নির্বাচনি প্রচার শুরুর পর তিনি একাধিক গির্জা, সিনাগগ, মন্দিরে গেলেও প্রথমবারের মতো কম সময়ের ব্যবধানে দুটি মসজিদ পরিদর্শন করেন।

ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত কুওমো সম্প্রতি অবস্থান পাল্টে গাজায় চালানো নির্মমতারও সমালোচনা করেন। তিনি অবিলম্বে এ যুদ্ধ বন্ধের কথা বলছেন।

অনেকে মনে করছেন, ৪ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে মুসলিম কমিউনিটির ভোটারদের টানতে তার এ অবস্থান পরিবর্তন।

জ্যামাইকার মসজিদে বক্তব্য রাখার সময় বেশ কয়েকজন মুসল্লি হট্টগোল করেন। ওই সময় ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কুওমো।

তিনি বলেন, মামদানি সমাজতন্ত্রী। তিনি ডেমোক্র্যাট। বিপরীতে ক্ষোভ জানানো মুসল্লিদের ভাষ্য, প্রাইমারিতে হেরে যাওয়ার পর কুওমো এখন আর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নন।

এ ঘটনায় মামদানিকে দায়ী করে কুওমো দাবি করছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা এমন কাজ করছেন।

এর প্রতিক্রিয়ায় মামদানি বলছেন, তিনি কিছু জানেন না। যে প্রার্থী মাত্র সালাম দিতে শিখেছেন, তার মসজিদে না যাওয়াই ভালো।

মসজিদ থেকে কুওমো চলে যাওয়ার সময়ও বাইরে অনেককে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।