কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েক ডজন সেনাসদস্য। রোববার (১৮ অক্টোবর) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের একটি প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসে আগুন দ্রুত ঘাঁটির সীমানা ছাড়িয়ে আশপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করেন ফায়ারফাইটাররা।
এক টেলিভিশন ভাষণে কার্নি এ ঘটনাকে দেশের মাটিতে শান্তিকালীন সময়ে কানাডার সামরিক বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নিহত চার সেনাসদস্যের পরিবারকে খবর জানানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে তদন্ত চলছে।
আহতদের ওয়েনরাইট, এডমন্টন, রেড ডিয়ার ও ক্যালগারির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কানাডার বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে প্রশিক্ষণে অংশ নিতে আসা সেনাসদস্য ও রিজার্ভ সদস্যরাও রয়েছেন। আহতদের বিপুলসংখ্যার কারণে আলবার্টার একাধিক হাসপাতালে ‘কোড অরেঞ্জ’ ঘোষণা করা হয়, যা একসঙ্গে অনেক আহত রোগীর চিকিৎসা সামলানোর জরুরি ব্যবস্থা। এডমন্টনের রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়ারেন থিরস্ক সিবিসি নিউজকে বলেন, আহতদের চাপে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। ওয়েনরাইটের মেয়র ব্রুস পিউ জানান, স্থানীয় হাসপাতালে এত বিপুল সংখ্যক আহত ব্যক্তির চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। এ কারণে হেলিকপ্টার ও উড়োজাহাজে করে আহতদের বড় শহরগুলোর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কানাডার সামরিক বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। শনিবার বিকেল ৪টার কিছু পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি জানিয়েছেন, আগুনের কারণ জানতে সামরিক বাহিনী, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত করছে। ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ারফাইটারদের। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা। নিহতদের প্রতি সম্মান জানিয়ে ফেডারেল সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন কার্নি। এদিকে, অগ্নিকাণ্ডের কারণে আলবার্টায় গণভোটের আগাম ভোট গ্রহণেও বিঘ্ন ঘটে এবং দুটি ভোটকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে অবস্থিত কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট দেশটির অন্যতম প্রধান সামরিক প্রশিক্ষণকেন্দ্র। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।