মার্ক সানচেজের বিরুদ্ধে শারীরিক আঘাতের অভিযোগ দায়ের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬ ২০২৫, ৯:০১ হালনাগাদ: ফেব্রুয়ারি ১৯ ২০২৬, ২১:২৬

অ্যামেরিকার সাবেক ফুটবলার ও ক্রীড়া বিশ্লেষক মার্ক সানচেজ। ছবি: উইকিমিডিয়া কমন্স

অ্যামেরিকার সাবেক ফুটবলার ও ক্রীড়া বিশ্লেষক মার্ক সানচেজ। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

খ্যাতিমান এ খেলোয়াড়ের বিরুদ্ধে মারিয়ন কাউন্টি প্রসিকিউটররা শারীরিক আঘাত, মাতাল হয়ে পাবলিক প্লেসে উপস্থিত থাকা, অবৈধভাবে আরেকজনের গাড়িতে প্রবেশসহ মোট তিনটি অভিযোগ দায়ের করেছে।

ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিস শহরের একটি এলাকায় সংঘটিত মারামারির ঘটনায় অ্যামেরিকার সাবেক ফুটবলার ও ফক্স নিউজের ক্রীড়া বিশ্লেষক মার্ক সানচেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আদালত।

আইউইটনেস নিউজ জানায়, তার বিরুদ্ধে মারিয়ন কাউন্টি প্রসিকিউটররা শারীরিক আঘাত, মাতাল হয়ে পাবলিক প্লেসে উপস্থিত থাকা, অবৈধভাবে আরেকজনের গাড়িতে প্রবেশসহ মোট তিনটি অভিযোগ দায়ের করেছে।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে শহরের প্রাণকেন্দ্রে এক ব্যক্তির সঙ্গে গাড়ি পার্ক করা সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সানচেজ।

৩৮ বছর বয়সী সানচেজ ও ৬৯ বছর বয়সী ওই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা একসময় হাতাহাতিতে রূপ নেয়। এসময় দুজনই আঘাতপ্রাপ্ত হন। এক পর্যায়ে সানচেজকে ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি।

এ ঘটনায় সানচেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর মারিয়ন কাউন্টি প্রসিকিউটরের সদস্য রায়ান মিয়ার্স বলেন, ‘একজন সাবেক পেশাদার ক্রীড়াবিদ এবং ৬৯ বছর বয়সী বৃদ্ধের মধ্যে এ ধরনের ঘটনা ঘটা অনাকাঙ্ক্ষিত। আমরা ঘটনার তদন্ত চালিয়ে যাব।’

বর্তমানে ইন্ডিয়ানাপোলিস শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন এ ক্রীড়া ব্যক্তিত্ব পুলিশের হেফাজতে আছেন।