ম্যানহাটনে একটি সাবওয়ে স্টেশনে বন্দুক হামলার ঘটনায় ২জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার সন্ধ্যায় ফোর্টি সেকেন্ড স্ট্রীটের পোর্ট অথরিটি বাস টার্মিনালের নিচে অবস্থিত সাবওয়ে স্টেশনের একটি ফ্লোরে এ ঘটনা ঘটে।
বন্দুক হামলার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এনওয়াইপিডি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগে সেখান থেকে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, স্টেশনে কমপক্ষে একটি গুলি ছোঁড়ার প্রমাণ পাওয়া যায়। ঘটনার তদন্তে হামলাস্থলের চারদিক ঘেরাও দেওয়া হয়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই সময় বেশ কয়েকজন শিশু কিশোর ঘটনাস্থলে ছোটাছুটি করছিল। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই দৌড়াতে শুরু করেন।’
বন্দুক হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।