এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল তেলেঙ্গানা। সোমবার সকালে হায়দ্রাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিএসআরটিসি) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নির্মাণসামগ্রীবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটিতে পাথর ও খোয়া বোঝাই ছিল। সংঘর্ষের পর ট্রাকের ওপরের পাথরগুলো বাসের ভেতরে পড়ে যায়, ফলে যাত্রীরা পাথরের নিচে চাপা পড়ে মারা যান।
বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। তারা বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
হতাহতদের মধ্যে ১০ মাস বয়সী শিশু, ১০ জন নারী, এবং দুই গাড়ির দুজন চালক রয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রকাশিত এক ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্যে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, অনেক মানুষ পাথরের নিচে চাপা পড়ে আর্তনাদ করছেন। পুলিশ এবং উদ্ধারকারী দল আহতদের বাইরে বের করতে হিমশিম খাচ্ছেন।
কিছু মরদেহ বের করতে বাসের বিভিন্ন অংশ কাটতে বাধ্য হন উদ্ধারকর্মীরা।
বাসের চালক ও তার আসনের পিছনের ছয় সারিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং এই অংশের অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।