ভারতের কেরালার কাসারাগদ এলাকায় তর্কাতর্কির সময় গলায় ছুরিকাঘাত করা হয়েছে এক ব্যক্তিকে। সেই ছুরি বিদ্ধ অবস্থায় হাসপাতালে গিয়েছেন ভুক্তভোগী।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যমটি মঙ্গলবার এক প্রতিবেদেন জানায়, দুটি পক্ষের মধ্যে রবিবার রাতে তর্কাতর্কি হয়। ওই সময় ছুরি হামলার শিকার হন ৩৬ বছর বয়সী অনিল কুমার।
পুলিশের ভাষ্য, কাসারাগদ এলাকার মাছ বিক্রেতা অনিলের সঙ্গে অভিযুক্তের আর্থিক বিবাদ ছিল। এর জেরে ফোন করে অনিলকে সীতাঙ্গলি গ্রামে আসতে বলেন অভিযুক্ত। ভুক্তভোগী সেখানে গেলে তাকে মারধর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তদের একজন কুমারের গলায় ছুরিকাঘাত করেন। তারপর ভুক্তভোগী দ্রুত নিকটস্থ মাঙ্গালুরু হাসপাতালে যান। সে সময় তার গলাতেই ছিল ছুরি।
হাসপাতালে গলায় মারাত্মক আঘাতের চিকিৎসা চলছে অনিল কুমারের।
এ ঘটনায় চারজনকে আটকের পাশাপাশি দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ।