নির্বাচনি প্রচারের অন্যতম বড় অঙ্গীকার সার্বজনীন বিনা মূ্ল্যে শিশু পরিচর্যার বিষয়টি আবারও তুলে ধরেছেন নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী জোরান মামদানি।
ব্রুকলিনের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে বৃহস্পতিবার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মেয়রের চেয়ারে বসতে যাওয়া এ তরুণ।
আইউইটনেস নিউজ জানায়, নির্বাচনি প্রচারে দেওয়া প্রতিশ্রুতিগুলো যে নিছক স্লোগান নয়, সেটি বারবার মনে করিয়ে দিয়েছেন মামদানি।
তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকা পরিবারগুলো নিউ ইয়র্ক সিটির মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ। এ সংখ্যা প্রায় ৩০ শতাংশ নিউ ইয়র্কবাসীর অন্তর্ভুক্ত, যারা এ শহর ছেড়ে যাচ্ছে। কারণ বাসা ভাড়ার পর নিউ ইয়র্কের বিপুলসংখ্যক বাসিন্দার কাছে সবচেয়ে ব্যয়বহুল শিশু পরিচর্যা।
মামদানি জানান, নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোতে প্রতি বছর প্রত্যেক শিশুর পরিচর্যায় গড়ে ব্যয় হয় ২২ হাজার ৫০০ ডলারের মতো।
নির্বাচনি প্রচারে মামদানির অন্যতম উচ্চাভিলাষী প্রতিশ্রুতি ছিল নিউ ইয়র্কের প্রতিটি পরিবারের জন্য বিনা মূল্যে শিশুদের পরিচর্যার ব্যবস্থা করা।
এ পরিকল্পনা বাস্তবায়নে বছরে ছয় বিলিয়ন (৬০০ কোটি) ডলার ব্যয় হবে। এর আওতায় থাকবে ছয় সপ্তাহ বয়সী থেকে প্রি-কিন্ডারগার্টেন শিশুরা।
পরিকল্পনাটির বাস্তবায়ন নির্ভর করছে বিভিন্ন করপোরেশন ও নিউ ইয়র্ক সিটির সর্বোচ্চ ধনীদের ওপর করবৃদ্ধির ওপর।
পরিকল্পনার নানা দিক তুলে ধরতে বৃহস্পতিবার সকালে ইস্ট ফ্ল্যাটবুশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে যান মামদানি।
সেখানে তিনি সাংবাদিকদের জানান, প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নের অনেক বিস্তারিত বিষয় এখনও নিরূপণ করা হয়নি, তবে প্রকল্পটি বাস্তবসম্মত ও অর্জনযোগ্য।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালে প্রকল্পের সময়সীমা ও ধাপ নিয়ে আলোচনা চলছে।