নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোট হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। সময়ের হিসাবে বাকি দেড় মাসের বেশি।
গুরুত্বপূর্ণ এ ভোটের আগে কোন প্রার্থীর জনপ্রিয়তা কেমন, তা যাচাইয়ে চলছে জরিপ। সর্বশেষ মঙ্গলবার এমন একটি জরিপ প্রকাশ করেছে ম্যারিস্ট। এতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন জোরান মামদানি।
ম্যারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক অপিনিয়ন পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ শতাংশের সমর্থন পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী।
ডেমোক্র্যাটিক প্রাইমারি জয়ী মামদানির নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ২৪ শতাংশের সমর্থন।
আলোচিত অন্য দুই প্রার্থীর মধ্যে কার্টিস স্লিওয়া ১৭ শতাংশ এবং বর্তমান সিটি মেয়র এরিক অ্যাডামস পান ৯ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন।
আইউইটনেস নিউজ জানায়, মেয়র হওয়ার দৌড়ে শেষ নাগাদ মামদানি ও কুওমো থাকলে ভোটাররা কাকে বেছে নেবেন, তাও জানতে চাওয়া হয় জরিপে।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য ভোটারদের ৪৯ শতাংশ মামদানি এবং ৩৯ শতাংশ সমর্থন দেন কুওমোকে।
ভোটের ফল দেখে মেয়র এরিক অ্যাডামস জানান, এ ফলে মাত্র শুরু হওয়া একটি প্রচারের প্রতিফলন দেখা গেছে।
তিনি জানান, তার প্রচার দল থেকে কোনো টেলিভিশন বিজ্ঞাপন কিংবা মেইল পাঠানো হয়নি। তারা শুধু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
মেয়র আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, তিনি নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন না। এখনও সময় আছে ঘুরে দাঁড়াবার।
ম্যারিস্ট এমন সময়ে জরিপের ফল প্রকাশ করল, যার মাত্র কয়েক দিন আগে মেয়র পদে মামদানিকে সমর্থন দেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।